লোটো খুঁজছে তরুণ-উদ্যমীদের

বাংলাদেশে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (ইএলপিএল) উদ্যোগে তিন বছরে ধরে বিশ্ববিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড লোটো স্পোর্টস ইতালিয়া এ দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। দিন দিন এই ব্র্যান্ড আরও জনপ্রিয় হচ্ছে। তাঁদের কার্যক্রম যেমন বাড়ছে, তেমনি এখানে নতুন নতুন লোক নিয়োগ করা হচ্ছে। তবে তরুণ আর উদ্যমীদেরই খুঁজছে লোটো।
ইএলপিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বলেন, লোটো স্পোর্টস ইতালিয়া বিশ্বের আরও এক শটির বেশি দেশে তাদের ব্যবসা পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ কার্যক্রম শুরু করেছে। লোটোর প্রতিটি পণ্যের ডিজাইন তৈরি হয় ইতালির ত্রিভিছো শহরে অবস্থিত নিজস্ব ডিজাইন সেন্টারে। খুব অল্প সময়ে লোটো এ দেশের বাজারে পরিচিতি পেয়েছে। এখন এই প্রতিষ্ঠানে ৮৫ জন কর্মকর্তা, ব্যবস্থাপকসহ ৬৫০ কর্মী রয়েছেন।
কাজী জামিল ইসলাম বলেন, তাঁর প্রতিষ্ঠান এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (ইএলপিএল) গাজীপুরের শিল্প এলাকায় ছোট্ট একটি কারখানা নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে। প্রথমে বাটা ও এপেক্সের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন দিয়ে যাত্রা শুরু করে। ইএলপিএল ২০১১ সালে বিশ্ববিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড ‘লোটো স্পোর্টস ইতালিয়া’র সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে এবং ২০১২ থেকে আমদানির সঙ্গে সঙ্গে লোটো ব্র্যান্ডের স্থানীয় উৎপাদন ও দেশব্যাপী বিপণন শুরু করে। তিনি বলেন, বর্তমানে ৩৬টি জেলায় ৯৫টি একক শোরুম রয়েছে। এসব শোরুমে জুতা-স্যান্ডেল, পারফিউম, ঘড়ি, পোশাক, জ্যাকেট, জার্সি, মোজা, ব্যাগ, ব্যাগসহ নানা পণ্য পাওয়া যায়। মূলত স্পোর্টস লাইফস্টাইল নানা ধরনের পণ্যই এখানে পাওয়া যায়। তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠান প্রতিনিয়ত বাজার সম্প্রসারণ করছে। ২০১৬ সাল নাগাদ দেশের সব জেলায় দু শটি শোরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই ব্যবসা প্রসারের জন্য তাঁর প্রতিষ্ঠানে নতুন নতুন লোক নিয়োগ করছে।

নিজের উদ্যোগী হওয়ার গল্পও শোনালেন কাজী জামিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড ফিজিক্সে স্নাতক ডিগ্রি লাভের পর আইবিএ থেকে এমবিএ করেন। তিনি বহুজাতিক চা কোম্পানি জেমস ফিনলেতে তাঁর পেশাজীবন শুরু করেন। এরপর তিনি কিছুদিন ওষুধ কোম্পানি নোভার্টিসে কর্মরত ছিলেন। তবে তাঁর পেশাজীবনের বেশির ভাগ সময় কাটে কানাডীয় বহুজাতিক পাদুকা কোম্পানি ‘বাটা’য়। এই কোম্পানিতেই কাজী জামিলের রিটেইল ও ফ্যাশন ব্র্যান্ড অভিজ্ঞতার গোড়াপত্তন হয়।
নিজের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে কাজী জামিল বলেন, ‘আমাদের কারখানা আরও বড় হচ্ছে। একটি বড় প্রতিষ্ঠানে যত যত ক্ষেত্রে লোক নিয়োগ করা হয়, তার প্রতিটি ক্ষেত্রেই আমরা লোক নিয়োগ করছি। কর্মকর্তা পর্যায়ে ডিজাইনার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মান নিয়ন্ত্রণ (কিউসি), মার্চেন্ডাইজার, পরিকল্পনা, ক্রয়, বিক্রয়, বিপণন; এ ছাড়া শোরুম ব্যবস্থাপক, মানবসম্পদ ব্যবস্থাপনাতে কর্মকর্তার পদে এখানে লোক নেওয়া হয়। এ ক্ষেত্রে চামড়াবিষয়ক কাজের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে অন্যান্য পদে বিভিন্ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস করেও এখানে চাকরি পাওয়া সম্ভব। তিনি আরও বলেন, ‘আমরা তরুণদের বেশি অগ্রাধিকার দিচ্ছি। ফ্রেশ গ্র্যাজুয়েটদের আমরা কাজের সুযোগ করে দিচ্ছি।’ তিনি জানালেন, ‘ইএলপিএলের বেশির ভাগ ব্যবস্থাপক ও কর্মীর বয়স ২৫-৩০ বছর, এদের রয়েছে প্রচণ্ড উদ্যম ও কঠোর পরিশ্রম করার মানসিকতা। তাই যাঁরা তরুণ ও উদ্যমী, তাদেরই খুঁজছে আমাদের প্রতিষ্ঠান। লোটোতে নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে অনলাইনে বিভিন্ন চাকরির ওয়েব পোর্টালে। এ ছাড়া লোটোর অফিশিয়াল ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।