কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। যেন খাবারে মাছ ছাড়া চলে না এই অঞ্চলের লোকজনের। তাঁদের খাবারের পাতে তো বৈচিত্র্য এনে দিতে পারে হরেক পদের মাছই। কিন্তু জানা আছে কি, সামুদ্রিক অর্থাৎ লোনা পানির মাছ ও মিঠা পানির মাছ—এই দুই ধরনের মাছের মধ্যে কোনটি বেশি উপকারী স্বাস্থ্যের জন্য! আর সবার শরীরের জন্য এই দুই ধরনের মাছ কি স্বাস্থ্যসম্মত? এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (খাদ্য ও পুষ্টি বিভাগ) শামসুন্নাহার নাহিদ।
দুই ধরনের মাছেই স্বাদ রয়েছে। সাধারণত সব মাছ নরম বলে সহজে হজম হয়।

মিঠাপানির মাছের গুণাগুণ
* প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন থাকে।
* অসম্পৃক্ত চর্বি থাকে, যা রক্ত ও শরীরের জন্য খুব ভালো।
* ডিএইচএ থাকায় বাচ্চাদের মিঠাপানির মাছ খাওয়ানো জরুরি।

সামুদ্রিক মাছের গুণাগুণ
* সামুদ্রিক মাছ দুই ধরনের। সাধারণ সামুদ্রিক মাছ ও শুঁটকি মাছ।
* সাধারণ সামুদ্রিক মাছের চেয়ে শুঁটকি মাছে প্রোটিন বেশি থাকে।
* মিঠাপানির মাছের চেয়ে সামুদ্রিক মাছে লবণ, সোডিয়াম বেশি থাকে।
* সামুদ্রিক মাছে তেলযুক্ত থাকায় হৃদ্রোগের আশঙ্কা এক-তৃতীয়াংশ কমে আসে।
যাঁদের খেতে মানা
* যাঁদের হাইপার টেনশন আছে, তাঁদের জন্য সামুদ্রিক মাছের চেয়ে মিঠাপানির মাছ ভালো।
* পিউরিন ও প্রেশারের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের সামুদ্রিক মাছ না খাওয়া ভালো। মিঠাপানির মাছ তাঁদের জন্য উপযুক্ত।
* প্রেশারের সমস্যা থাকলে সামুদ্রিক মাছ খাওয়া অবশ্যই বাদ দিতে হবে।
* যাঁদের বাত ও চুলকানির সমস্যা আছে, তাঁদের মাছের মাথা, কাঁটা খাওয়া উচিত নয়। কাঁটাবিহীন মাছ খেতে হবে।
* রক্তে কোলেস্টেরল থাকলে মাছের ডিম না খাওয়া ভালো।
এস এম নজিবুল্লাহ চৌধুরী