লোনা পানিতে গাছে মড়ক কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোনা পানিতে মরে যাচ্ছে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাশে লাগানো গাছগুলো l প্রথম আলো
লোনা পানিতে মরে যাচ্ছে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাশে লাগানো গাছগুলো l প্রথম আলো

কোনো গাছের ডাল আছে, পাতা নেই। কোনোটির ডালও নেই, পাতাও নেই। এভাবেই মৃত্যুর প্রহর গুনছে কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের উত্তরপাড়া থেকে হরিয়াখালী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকার কয়েক শ গাছ। সম্প্রতি বেড়িবাঁধ ভেঙে লোনা পানি ঢুকে পড়ায় এসব গাছের এমন দশা হয়েছে। রাতের অন্ধকারে সুযোগ বুঝে গাছগুলো কেটেও নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের শীলবনিয়াপাড়া থেকে উত্তরপাড়া রাস্তার মাথা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার অংশে ১৯৯২ সালে গণস্বাস্থ্য ও উপকূলীয় বন বিভাগ হাজার খানেক আকাশমণি, কড়ই ও ঝাউগাছ লাগিয়েছিল। এর মধ্যে সড়কের তিন কিলোমিটার এলাকায় লোনা পানির কারণে গাছে মড়ক দেখা দিয়েছে। গাছচোরেরা মূলত ওই সব গাছই কেটে নিয়ে যাচ্ছে।
১৩ আগস্ট সকালে শাহপরীর দ্বীপ উত্তরপাড়া থেকে হারিয়াখালী পর্যন্ত ঘুরে দেখা গেছে, সড়কের উভয় পাশের গাছগুলোর ডালপালা কাটা। কিছু দূর পরপর গাছের কাটা গুঁড়ি দেখা দেখে। আশপাশের বাসিন্দারা জানান, লোনা পানির কারণে রোগাক্রান্ত হয়ে পড়া গাছগুলো চোরেরা রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে। এ জন্য প্রথমে গাছের ডালপালা কাটা হয়, এরপর আস্ত গাছ কেটে নেওয়া হয়। কেটে নেওয়া গাছগুলোর মধ্যে বেশির ভাগই ঝাউগাছ।
উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে কয়েক হাজার আকাশমণি, কড়ই ও ঝাউগাছ রোপণ করা হয়েছিল। এলাকার গাছচোর সিন্ডিকেটের কারণে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না গাছগুলো। এ ব্যাপারে টেকনাফ থানায় একাধিক মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গাছগুলো কাটার সঙ্গে কারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উখিয়ার উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে টেকনাফে) পলাশ চাকমা প্রথম আলোকে বলেন, জনবল কম থাকায় গাছগুলোর প্রতি নজর দেওয়া হয়নি। ওই গাছগুলো লবণাক্ততার কারণে মারা যাচ্ছে। এগুলো লট হিসেবে নিলামে বিক্রির জন্য কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে।