লোভনীয় বাহারি পিঠা

ছোট একটি সেমিপাকা দোকান। বাইরে থেকে দোকানের ভেতরে তাকালে চোখে পড়বে থরে থরে সাজানো হরেক রকমের পিঠা। আর দোকানের ভেতরে ঢুকলেই পিঠার ম–ম গন্ধ এসে লাগবে নাকে। ছই পাক্কন, পদ্মকুল, নারকেলের পুরি, খেজুর পিঠাসহ বাহারি পিঠার ভিড়ে কোনটি ছেড়ে কোনটি আগে খাবেন দ্বন্দ্ব শুরু হতে পারে, সেটি নিয়েও।
চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া মোড় এলাকায় এই দোকানের অবস্থান। দোকানের সাইনবোর্ড না থাকলেও এলাকাবাসীর কাছে দোকানটি মুছা সওদাগরের দোকান নামে পরিচিত। এই দোকানে প্রতিদিন আট ধরনের পিঠা বিক্রি হয়।
আট ধরনের পিঠার মধ্যে আরও আছে খাজা, গোল খাজা, সাজ পিঠা ও শাপলা পিঠা। এসবের বাইরে মাঝে মাঝে সন্ধ্যার দিকে ভাপা পিঠাও তৈরি হয় এখানে। প্রতিটি ভাপা পিঠা, খাজা ও খেজুর পিঠা ছয় টাকা, নারকেলের পুরি, পদ্মকুল, সাজ পিঠা, ছই পাক্কন ও শাপলা পিঠা সাত টাকা এবং গোল খাজা আট টাকায় বিক্রি হয়। এসব পিঠার বাইরে মিষ্টি পেটিস, নিমকি, জিলাপি, বাতাসা, বাকরখানি, মিষ্টি অন্থন ও ঝাল পেটিস পাওয়া যায় এই দোকানে।

গত বৃহস্পতিবার কথা হয় দোকানের মালিক মুছা সওদাগরের সঙ্গে। তিনি বলেন, অল্প বয়স থেকেই নানা ধরনের ব্যবসা করেছেন তিনি। একেক সময় একেক ধরনের ব্যবসার পর সর্বশেষ নোঙর ফেলেছেন ওয়াজেদিয়া এলাকার এই দোকানটিতে। প্রায় তিন বছর আগে এই দোকানটি ভাড়া নিয়ে সেখানে ছোলা-পেঁয়াজিসহ বিভিন্ন ঝাল নাশতা বিক্রি শুরু করেন। কিন্তু এর মধ্যে ওই এলাকায় বেশ কিছু ঝাল নাশতার দোকান চালু হলে প্রতিযোগিতার মুখে পড়তে হয় তাঁকে। ব্যবসায় টিকে থাকতেই তাই এক সময় পিঠা বিক্রি শুরু করেন তিনি।
মুছা সওদাগর বলেন, ‘ঝাল নাশতার বিক্রি কমে যাওয়াতে পিঠার ব্যবসা শুরু করার পরিকল্পনা করি। প্রথমে কারিগর এনে দোকানে পিঠা বানিয়ে বিক্রি করতাম। এখন আমার ছেলেরাই পিঠা বানানোর কাজ শিখে নিয়েছে। ব্যবসাটাও তারা দেখাশোনা শুরু করেছে।’
দোকানেই পাওয়া গেল মুছা সওদাগরের দুই ছেলে মোহাম্মদ সেকান্দর ও মোহাম্মদ আনিসকে। এই দুই ভাই মিলেই এখন হাল ধরেছেন বাবার ব্যবসার। কথা হয় তাঁদের সঙ্গে। পিঠার দোকান নিয়ে তাঁরা শোনালেন তাঁদের স্বপ্নের কথা। ইতিমধ্যেই তাঁরা শুরু করেছেন তাঁদের স্বপ্ন পূরণের বিভিন্ন ধাপ। কারিগর থেকে নিজেরা শিখে নিয়েছেন পিঠা বানানো। বর্তমানে নিজেদের বানানো পিঠা বিক্রি করেই চলছে এই দোকান। ভবিষ্যতে এই দোকানটি আরও বড় পরিসরে করার ইচ্ছে আছে এই দুই ভাইয়ের। বাবার ব্যবসাকে ছড়িয়ে দিতে চান পুরো চট্টগ্রামে। বাড়ানোর ইচ্ছে আছে পিঠার পদেরও।
মোহাম্মদ সেকান্দর বলেন, ‘প্রতিদিন প্রায় ২০০ পিস পিঠা বিক্রি হয়। তবে বৃহস্পতিবার ও শুক্রবার পিঠার বিকিকিনি বেড়ে যায় দোকানের পাশের অনন্যা আবাসিক এলাকায় দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে।’ এ ছাড়া প্রায়ই বিয়ে কিংবা গায়েহলুদের জন্য পিঠার অর্ডার দেওয়া হয় এই দোকানে। মোহাম্মদ আনিস বলেন, ‘প্রতিদিন যা আয় হয়, তা দিয়ে আমাদের বাবা-মাসহ চার ভাই ও এক বোনের পরিবার মোটামুটিভাবে চলে যায়। তবে এর পরিধি আরও বাড়ানোর ইচ্ছে আছে আমাদের।’
ওয়াজেদিয়া এলাকার বাসিন্দা মো. নূর হোসেন বলেন, এলাকায় এই ধরনের একটি পিঠার দোকান দেখে ভালো লাগে। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য রক্ষায় এই ধরনের পিঠার দোকান আরও হওয়া উচিত। পিঠার দোকানে কথা হয় দল বেঁধে আসা চট্টগ্রাম কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে। এই দলের একজন রহমত আলী বলেন, ‘অনন্যা আবাসিক এলাকায় ঘুরতে এসেছিলাম আমরা। যাওয়ার পথে পিঠার দোকান দেখে ঢুকে পড়েছি। কম দামে বেশ সুস্বাদু পিঠা খেতে পেরে ভালো লাগছে খুব।’