লোহাগাড়ায় কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ

লোহাগাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুল সমন্বিত বালাই ব্যবস্থাপনা ক্লাবকে (আইপিএম) সাড়ে ১৫ লাখ টাকার উন্নত কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। ১৮ মে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের বিনা মূল্যে উন্নত প্রযুক্তির বিভিন্ন ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, কৃষি কর্মকর্তা মো. শামীম হোসেন, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কৃষিজমিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শ্রমিকসংকট দূর হবে। ফলে খুব অল্প সময়ে ধান রোপণ ও মাড়াই করা যাবে। এ ছাড়া আইপিএম ক্লাব স্বল্প ভাড়ায় এসব যন্ত্রপাতি অন্যদের প্রয়োজনে ভাড়াও দিতে পারবে।