লোহাগাড়ায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা বোরো মৌসুমে ধানের বদলে আলু চাষ করেন। এখানকার মাটি আলু চাষের উপযোগী বলে ফলনও ভালো হয়। তবে এবার উৎপাদন কম হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। খেতে মড়ক লাগায় লোকসানের মুখে পড়েছেন আলুচাষিরা।
লোহাগাড়া উপজেলার সদর, পদুয়া, আধুনগর, পুটিবিলা, আমিরাবাদ ও চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলুর মড়ক লাগার খবর পাওয়া গেছে। কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ১৩-১৪ অর্থবছরে লোহাগাড়ায় ৭১০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৮ হাজার ৮০০ মেট্রিক টন। এ মৌসুমে ৭২০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ৯ হাজার মেট্রিক টন হলেও উৎপাদন হয়েছে ৬ হাজার মেট্রিক টন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন মড়ক, খরা ও সারের সঠিক ব্যবহার না করায় আলুর ফলন ভালো হয়নি।
পদুয়া ইউনিয়নের কৃষকেরা প্রায় ১০০ হেক্টর জমিতে প্রতিবছর আলু চাষ করেন। স্থানীয় কৃষক গোপাল রুদ্র জানান, তিনি প্রায় ৫ হাজার টাকা খরচ করে ২০ শতক জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু তিনি আলু বিক্রি করে পেয়েছেন মাত্র সাড়ে চার হাজার টাকা।
চুনতি সাতগড় এলাকার কৃষক ফরিদুল আলম ৬০ শতক জমিতে আলু চাষ করে পেয়েছেন মাত্র ১০ মণ আলু। অথচ গত বছর তিনি একই পরিমাণ জমি থেকে আলু পেয়েছিলেন ৩০ মণ।
বড়হাতিয়ার চাষি মো. ওসমান ২০ শতক জমিতে আলু চাষ করেছেন। তাঁর অধিকাংশ চারা মারা যাওয়ায় চাষের খরচ ওঠেনি বলে জানান। আলু চাষিরা জানান, গত কয়েক মাসে বৃষ্টি না হওয়ায় আলুর চারা মারা যায়। পাশাপাশি ছত্রাকের আক্রমণেও চারা মারা গেছে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, অনাবৃষ্টির কারনে আলু চাষ ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি আলুতে ইউরিয়া সারের অধিক ব্যবহার এবং এমওপি সারের কম ব্যবহারের কারনে আলুর গাছ বড় হয়েছে কিন্তু ফলন হয়নি। এবার আলুতে যে রোগটা এসেছে সেটা হলো লেইট ব্লাইট যাকে বাংলায় বলে বিলম্বিত ধসা রোগ। এ রোগ সহজে দমনযোগ্য তবে দ্রুত ব্যবস্থা না নিলে তা ছড়িয়ে পড়ে। প্রতিষেধক ছিটানো গেলে আলুর চারাকে রোগমুক্ত করা সম্ভব।