লোহাগাড়ায় থমথমিয়া ছড়ার বাঁধ শেষ হয়নি তিন বছরেও
লোহাগাড়ার দক্ষিণ চাকফিরানীর থমথমিয়া ছড়ার ওপর বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি তিন বছরেও। এতে সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। কার্যাদেশের মেয়াদ চলাকালে বাঁধটির মাত্র ২২ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে ছাড়ার ওপর মাটি ফেলে পানি ধরে রেখে কৃষকেরা সেচের ব্যবস্থা করেছেন। তবে তা পর্যাপ্ত নয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের থমথমিয়া ছড়ার ওপর ২০১১ সালে ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয়। এ কাজে ব্যয় নির্ধারণ করা হয় প্রায় এক কোটি টাকা। ২০১১ সালের ২৭ মার্চ বাঁধ নির্মাণের কার্যাদেশ পান ঠিকাদার জাকির হোসেন। ২০১২ সালের জানুয়ারি মাসে কাজটি শুরু হয়। ওই বছর জুন-জুলাই মাসে কাজটি শেষ হওয়ার কথা ছিল। তবে ওই সময়ের মধ্যে ২২ শতাংশ কাজ শেষ করে চলে যান ঠিকাদার। এরপর আর নতুন করে নির্মাণকাজ শুরু হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার জাকির হোসেন জানান, এলাকাটি বেশ দুর্গম। তার ওপর অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ঠিক সময়ে কাজ শেষ করা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, অসমাপ্ত ছড়াটির ওপর মাটি ফেলে বাঁধ দিয়েছেন স্থানীয় কৃষকেরা। জমানো পানি দিয়ে কোনোমতে সেচের কাজ করছেন তাঁরা। কৃষকেরা জানান, উপকারভোগী কৃষকদের নিয়ে সমবায় সমিতি গঠন করা হয়েছে।
সমবায় সমিতির উদ্যোগে বাঁধে মাটি ফেলে পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। সমবায় সমিতির সভাপতি মো. ওসমান জানান, অসমাপ্ত বাঁধটি সম্পন্ন হলে খুব কম খরচে কৃষকেরা সেচের পানি পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বাঁধটি নির্মাণ করা হলে শুষ্ক মৌসুমে এক হাজার হেক্টরের অধিক জমি চাষের আওতায় আসবে। বিএডিসির চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, ঠিকাদারের অসহযোগিতার কারণে ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের টাকাও ফেরত চলে গেছে। তবে অন্য কায়দায় বাঁধটি নির্মাণ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।