লোহাগাড়ার সরাইয়া সেতু জোড়া লাগবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার সরাইয়া খালের ওপর ৩৭ মিটার দীর্ঘ সেতুটি পাহাড়ি ঢলে ভেসে গেছে চার বছর আগে। দীর্ঘ সময় সেতুটি মেরামত না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে পুঁটিবিলা ও চুনতি ইউনিয়নের মানুষজন l প্রথম আলো
লোহাগাড়ার সরাইয়া খালের ওপর ৩৭ মিটার দীর্ঘ সেতুটি পাহাড়ি ঢলে ভেসে গেছে চার বছর আগে। দীর্ঘ সময় সেতুটি মেরামত না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে পুঁটিবিলা ও চুনতি ইউনিয়নের মানুষজন l প্রথম আলো

লোহাগাড়ার সরইয়া খালের ওপর নির্মিত সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে যায় ২০১২ সালের ৮ আগস্ট। ওই সময় সেতুটির অর্ধেকের বেশি অংশ চার টুকরো হয়ে ভেঙে পড়ে। চার বছর পার হতে চললেও সেতুটি পুনর্নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় লোকজন জানান, সেতু ভেঙে যাওয়ার পর উপজেলা পরিষদের উদ্যোগে এক লাখ টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণ করা হয়। দুই বছর আগে সেটিও ভেঙে যায়। এখন শুষ্ক মৌসুমে হেঁটে ও বর্ষায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, ১৯৯৮ সালে ১২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এটির দৈর্ঘ্য ছিল ৩৭ মিটার ও প্রস্থ ৩ মিটার। সেতুটির এক প্রান্ত পুঁটিবিলা এবং অপর প্রান্ত চুনতি ইউনিয়ন। এই দুই ইউনিয়নের ১০ হাজার মানুষের উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এটি। তা ছাড়া সেতুটি লোহাগাড়ার সঙ্গে লামা উপজেলাকে সংযুক্ত করেছে। এখন সেতু না থাকায় যানবাহন চলাচলও বন্ধ।
এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর একাংশ ধসে পড়ার মূল কারণ খাল থেকে খননযন্ত্র িদয়ে অপরিকল্পিত বালু তোলা। এর ফলে গোড়ার মাটি হালকা হয়ে সেতু ভেঙে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, খালে পড়ে আছে সেতুর ভাঙা অংশ। এর থেকে আরও প্রায় ৩০ ফুট দূরে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন লোকজন। নড়বড়ে বাঁশের সাঁকোটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

লোহাগাড়ার পুঁটিবিলা গৌড়স্থান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান বলেন, বর্ষাকালে ​িবদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়। তখন পুঁটিবিলা ইউনিয়নের সরইয়া, চান্দা, পুঁটিবিলা ও গৌড়স্থান এবং চুনতি ইউনিয়নের পানত্রিশা, পারাঙ্গা, ব্রাক্ষ্মণপাড়া ও বলিরঝুম গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। কারণ, খালে পানি বাড়লে সাঁকো দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সরইয়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছ বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় এলাকায় উৎপাদিত কৃষিপণ্য সরবরাহ ও অসুস্থ রোগী পারাপারে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। জানি না সেতুর জন্য আর কত অপেক্ষা করতে হবে।

পুঁটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ বলেন, চার বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন পুঁটিবিলা ও চুনতি ইউনিয়নের লোকজন। বর্ষায় কার্যত অবরুদ্ধ থাকতে হয়। সেতু সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না। সেতুটি হলে চুনতি ও পুঁটিবিলা ইউনিয়নের ১০ হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতো।

এ ব্যাপারে এলজিইডির লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের লামার সঙ্গে লোহাগাড়ার সংযোগ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। ওই এলাকায় চার কোটি টাকা ব্যয়ে ৭০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণের প্রস্তাব নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে সেতুটি পুনর্নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান বলেন, গুরুত্বপূর্ণ এ সংযোগ সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ এবং অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।