লোহাগাড়ায় এক দশকে কৃষি জমি কমেছে দুই হাজার একর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিতভাবে ইটভাটা ও বসতবাড়ি নির্মাণের কারণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। গত এক দশকে উপজেলায় কৃষি জমি কমেছে অন্তত দুই হাজার একর। এতে ভবিষ্যতে খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লোহাগাড়ায় দশ বছর আগে কৃষি জমির পরিমাণ ছিল ২৯ হাজার ৬৪০ একর। গত ১০ বছরে কৃষি জমির পরিমাণ দুই হাজার একর কমেছে। শতকরা হিসাবে এই হার পাঁচ থেকে ৬ শতাংশ। বর্তমানে কৃষি কাজ হয় ২৭ হাজার ৬৪০ একর জমিতে। উপজেলায় বর্তমানে চালের চাহিদা রয়েছে প্রায় ৪৭ হাজার মেট্রিক টন। আর উৎপাদিত হয় প্রায় ৪৩ হাজার মেট্রিক টন। কৃষিজমি কমতে থাকলে ভবিষ্যতে খাদ্য ঘাটতি আরও বাড়বে বলে মনে করেন কৃষিবিদেরা।
কৃষি বিভাগ এবং উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত লোহাগাড়া উপজেলায় বসতবাড়ি রয়েছে ৫৩ হাজার এবং ইটভাটার সংখ্যা ৪৫টি। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে লোহাগাড়া সদর, আমিরাবাদ, পদুয়া, আধুনগর ও চরম্বা ইউনিয়নে কৃষি জমি কমছে বেশি। এসব এলাকায় জলাশয়ও ভরাট হচ্ছে। গত কয়েক বছরে জলাশয়ের পরিমাণ দুই হাজার একর থেকে কমে দেড় হাজার একরে দাঁড়িয়েছে।
বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ বছরে ইটভাটা বেড়েছে ১০টিরও বেশি। ফসলের জমিতেই এসব ইটভাটা গড়ে উঠেছে। পাশাপাশি সব ইটভাটায় ইট তৈরির জন্য জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি ব্যবহার করা হয়। এর ফলে জমি উর্বরতাও হারাচ্ছে।
এ ব্যাপারে পদুয়া রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দীন বলেন, উপজেলায় ১০ বছর আগে ৩৩টির মতো ইটভাটা ছিল। বর্তমানে ইটভাটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫টিতে।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, কৃষি জমিতে ইটভাটা স্থাপন আইনত নিষিদ্ধ হলেও তা এখানে মানছেন না ইটভাটার মালিকেরা। তিনি আরও বলেন, লোহাগাড়ার ৪৫টি ইটভাটার অধিকাংশই কৃষি জমির পাশে গড়ে উঠেছে। এ ছাড়া অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমির পরিমাণও কমছে।
উপজেলার চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান সাদত উল্লাহ বলেন, তাঁর ইউনিয়নে ১২টি ইটভাটা রয়েছে। ইটভাটার কারণে প্রচুর কৃষি জমি ধ্বংস হচ্ছে। এর ফলে আগের মতো ফসলও হয় না ওই এলাকায়। চরম্বায় ২০১০ সালে কৃষি জমির পরিমাণ ছিল এক হাজার ১৫০ হেক্টর। বর্তমানে রয়েছে ১ হাজার ১০০ হেক্টর।
পদুয়া ইউনিয়নের কৃষক লাল মোহন দাশ বলেন, কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় পশু খাদ্যেও ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে অনেকে গবাদি পশু লালন-পালন ছেড়ে দিয়েছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনুর রহমান জানান, কৃষি জমিতে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ থাকলেও বসতবাড়ি নির্মাণে বাঁধা নেই। তবে যে হারে কৃষি জমি ভরাট করে বাড়ি নির্মাণ হচ্ছে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে তা মারাত্মক প্রভাব ফেলবে। নতুন ইটভাটা যাতে কৃষি জমিতে না হয় তার জন্য তদারকির ব্যবস্থা নেওয়া হবে।