লোহাগাড়ায় নির্ভার আওয়ামী লীগ শঙ্কায় বিএনপি ও বিদ্রোহীরা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছয় ইউনিয়ন পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা, চুনতি ও বড় হাতিয়ায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। ৪ জুনের নির্বাচন ঘিরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিশ্চিত করতে চাইছেন। শেষ মুহূর্তের প্রচারণায় কেউই ফাঁক রাখতে চাইছেন না।
এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা নির্ভার হলেও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কায় আছেন বিএনপি ও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদেরও আশঙ্কা ভোটের দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাই বেশি সুযোগ-সুবিধা পাবেন। ওই দিন প্রশাসনের নিরপেক্ষতা থাকবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে তাঁদের। গত ৩১ মে লোহাগাড়ার ছয়টি ইউনিয়নের প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
পদুয়া ইউনিয়নের আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির ও জহির উদ্দিন বলেন, ‘ভোটের দিন সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আমরা শঙ্কিত। পাশাপাশি আমাদের কর্মীদের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। শুনছি বেশ কিছু কেন্দ্র আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দখল করা হবে।’ একই কথা বলেছেন এই ইউনিয়নের বিএনপির প্রার্থী জসিম উদ্দিনও।
এ ব্যাপারে পদুয়ার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবছার আহমদ বলেন, ভোট হচ্ছে উৎসব। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থীরা নানা অপপ্রচার চালিয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে চাইছেন। আমরা আশা করছি শতভাগ সুষ্ঠু ভোট হবে।’
হুমকির কথা জানিয়েছেন কলাউজান ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিনও। তিনি বলেন, ‘আমাদের কর্মী–সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। ভোটের পর আমাদের কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হবে বলে শাসানো হচ্ছে। সুষ্ঠু ভোট হলে পরাজয়েও আমাদের কোনো অভিযোগ থাকবে না।’ তবে অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ ওয়াহেদ। তিনি বলেন, ‘আমরা এই ইউনিয়নের প্রত্যেকে মিলেমিশে ভোট করছি। কখনো হুমকি দেওয়া হয়নি প্রতিপক্ষকে।’
চুনতি ইউনিয়নে বিএনপির প্রার্থী শঙ্কায় থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী। বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে নির্বাচন করছি। তবে ভোটের দিন সুষ্ঠু ভোট নিয়ে আতঙ্কিত।’ ওই ইউনিয়নের আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ‘বিগত দিনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও জিতব আশা করছি।’
লোহাগাড়া উপজেলায় ছয় ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান পদে, ৪৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে ও ১৯৬ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন জানান, আগামী ৪ জুন নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের জন্য প্রশাসন সমান সুযোগ নিশ্চিত করবে। যেখানে কোনো অনিয়ম হলে কমিশন আইনগত ব্যবস্থা নেবে।