লোহাগাড়ায় বালাই ব্যবস্থাপনা ক্লাব উদ্বোধন
সরকার বিষমুক্ত সবজি চাষে উৎসাহিত করতে দেশের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের নিয়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা ক্লাব চালু করছে। যেখানে কৃষকেরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত ধান ও সবজি উৎপাদনে সহায়তা পাবেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় আইপিএম ক্লাব এবং ই-কৃষি অফিস ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অালোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সাঁচি মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম , ইউপি সদস্য আলী নেওয়াজ , মো. বেলাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইপিএম ক্লাবের সভাপতি ইউনুছ বাহাদুর।
সভায় বক্তারা বলেন, পদুয়ার এ আইপিএম ক্লাবে বর্তমানে ৩৩ জন কৃষক সদস্য হিসেবে আছেন। এদের প্রত্যেককে ধানসহ শাক সবজি উৎপাদনে অনলাইনে পরামর্শ প্রদান করা হবে। অনুষ্ঠানে নাওঘাটা আইপিএম ক্লাবকে ল্যাপটপ, জেনারেটর, কম্পিউটার স্ক্যানার, স্মার্ট ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার ইলেকট্রনিকস পণ্য দেওয়া হয়।