‘গানে যেন একাগ্রতা থাকে, তাহলে সফল হবে,’ বলেছিলেন প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিম। যাঁকে উদ্দেশ করে এ মন্তব্য, সেই ১২ বছরের বালক লিংকন দাস এখন স্নাতক (সম্মান) পড়ুয়া টগবগে যুবক। গানের বদৌলতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর বিদ্যাপীঠ সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। কলেজ ছাড়াও সিলেটের বিভিন্ন মঞ্চে গান গাইতে তাঁর নিয়মিত ডাক পড়ে। সুরের মায়াবী দ্যুতিতে তিনি মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের। সুললিত কণ্ঠের কারণেই তিনি এখন সবার দৃষ্টি কড়িয়েছেন।লিংকন জানান, সচরাচর সিলেটের লোককবিদের গানই মঞ্চে বেশি গেয়ে থাকেন। এর মধ্যে শাহ আবদুল করিমের লেখা গান গাইতেই তাঁর বেশি ইচ্ছা হয়। ‘তুমি বিনে আকুল পরান’, ‘আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘গাড়ি চলে না, চলে না, চলে না রে’সহ শাহ আবদুল করিমের লেখা অর্ধশতাধিক গান তাঁর মুখস্থ। এসব গানই তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।মাস ছয়েক আগে ভারতের প্রখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিক লোকগানের খোঁজে সিলেটে এসেছিলেন। তখন তিনি লিংকনের গান শুনে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। এ প্রসঙ্গে স্মৃতিচারণা করে লিংকন বলেন, ‘মৌসুমীদির উপদেশ অনুযায়ী শুধু সিলেটের লোকগানগুলো আজীবন গেয়ে যেতে চাই। এ অঞ্চলের সমৃদ্ধ লোকগানগুলো নিয়মিত গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেতে চাই।’লিংকনের বাবা ক্ষীরোদ চন্দ্র দাস ক্ষুদ্র ব্যবসায়ী, মা প্রমীলা রানী দাস গৃহিণী। চার ভাইয়ের মধ্যে লিংকন দ্বিতীয়। তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্চের হাওর-অধ্যুষিত জনপদ শাল্লা উপজেলার ডুমড়া গ্রামে। বর্তমানে তিনি এমসি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ার সুবাদে সিলেট শহরের সেনপাড়া এলাকায় বসবাস করছেন। ছোটবেলা থেকে হাটে-মাঠে বিভিন্ন ক্যাসেট প্লেয়ার, রেডিও কিংবা সরসরি শিল্পীদের কণ্ঠে গান শুনে তা আত্মস্থ করেছেন। এরপর সেই গানই বন্ধুদের আড্ডায় গেয়েছেন। এভাবেই গানে হাতেখড়ি। সংগীতের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও তাঁর ভরাট কণ্ঠের মাধুর্যে বুঁদ হয়ে পড়েন শ্রোতারা।প্রকৃতিপ্রদত্ত গানের কণ্ঠ নিয়েই লিংকন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন। আর এখন তো ক্যাম্পাস ছাড়িয়ে সিলেটের বিভিন্ন মঞ্চ ও গানের জলসায় গান গাওয়ার ডাক পড়ে তাঁর। লিংকন বলেন, ‘ভবিষ্যতে একজন ভালো শিল্পী হতে চাই। সে লক্ষ্যেই একনিষ্ঠভাবে সাধনা করছি। পাশাপাশি একজন ভালো মানুষও হতে চাই। মা-মাটি-মানুষ-দেশকে ভালোবেসে সুরময় দেশ গড়তে সারাক্ষণ কাজ করে যেতে চাই।’