লোকগীতি গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন আজগর আলীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হলুদিয়া পাখি সোনার বরণ পাখিটি ছাড়িল কে’ গানটির সঙ্গে সঙ্গে জমে গেল আসর। লোকসংগীতের অমর শিল্পী প্রয়াত আবদুল আলীমের ছেলে আজগর আলীম মঞ্চে উঠেই ফেনীর দর্শকেদর মন জয় করে নিলেন।
৯ অক্টোবর ফেনী থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে শহরের মিজান রোডে জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি।
আসরে বাবা আবদুল আলীমের গাওয়া গান পরিবেশন করেন আজগর। একে একে গাইলেন ‘তুমি পাড়ের নাইয়া’ এবং ‘মাঝি বাইয়া যাওরে অকূল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও’ গানগুলো। মিলনায়তনে ভর্তি দর্শক-শ্রোতারা গলা মিলিয়েছেন শিল্পীর সঙ্গেও।
সব শেষে আবদুল আলীমের বিখ্যাত গান ‘প্রেমের মরা জলে ডুবে না’ গেয়ে মিলনায়তনের দর্শকদের উদ্বেলিত করেন শিল্পী।
অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে শিল্পী আজগর আলীম বলেন, ‘আমি বারবার আসতে চাই ফেনীতে।’ আসরে তিনি ছাড়াও গান গেয়েছেন তৃষ্ণা মর্জিনা ও অমি মুহিত।
তবলায় বেনু চক্রবর্তী, ঢোলে চন্দন ভট্টাচার্য, কি–বোর্ডে বাবলু ও দোতারায় অরূপ শীল শিল্পীদের সহযোগিতা করেন।
অনুষ্ঠানের শুরুতে ছিল কথামালা। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নুরুল করিম মজুমদার, মীর হোসেন, মো. শাহাদাত হোসেন, হারুনুর রশিদ চৌধুরী।