নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ মুখরিত দর্শকের পদচারেণ। প্রাঙ্গণের এক কোনায় ভিড়টা যেন একটু বেশিই দেখা গেল। সেখানে চাকা দিয়ে মাটির পণ্য বানাতে ব্যস্ত মৃৎশিল্পী হরি ভক্ত রুদ্র। ব্যস্ত নগরজীবনে এমন দৃশ্য! মাটির পণ্য তৈরির এই দৃশ্য বিস্ময়ভরা চোখে দেখছিল শিশুরাও ।
হাটখোলার আয়োজনে তঁঅশা উৎসবের উদ্বোধনী দিনে গ্রামীণ আবহের এমন আয়োজন মুগ্ধ করে দর্শকদের। মৃৎশিল্পী হরি ভক্ত রুদ্র মাটির পণ্য তৈরি করে তৎক্ষণাৎ বিক্রি করছিলেন ক্রেতাদের কাছে। ১৪ ও ১৫ মে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বসেছিল এ তঁঅশা উৎসব। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ক্ষেত্র দর্শকদের সামনে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে গ্রামীণ আবহে সেজেছিল শিল্পকলার চারপাশ।
দুই দিনব্যাপী এ আয়োজনের একদিকে ছিল বিভিন্ন বৈঠকে চট্টগ্রামের লোকশিল্প, সংস্কৃতি ও পুঁথি সংগ্রহ নিয়ে আলোচনা, অন্যদিকে সাংস্কৃতিক আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস। ছিল আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহার্য বিভিন্ন উপকরণ এবং পুঁথি ও পাণ্ডুলিপি প্রদর্শনের আয়োজনও। উৎসবে লোকজ সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন দোকানিরা। পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শনার্থীর বাহারি পোশাকের রঙে রঙিন হয়ে ওঠে শিল্পকলা প্রাঙ্গণ।
উৎসবের প্রথম দিনে ছিল দুটি বৈঠক। প্রথম বৈঠকে শিক্ষা ও ফোকলোর বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মাহবুবুল হক। কবিয়াল ফণি বড়ুয়াকে উৎসর্গ করা হয় এ বৈঠক। শিক্ষাবিদ হাসিনা জাকারিয়ার সভাপতিত্বে বৈঠকে আলোচক ছিলেন ড. মহীবুল আজিজ। দ্বিতীয় বৈঠকে ‘বৃহত্তর চট্টগ্রামের সংস্কৃতি: আদিরূপ, ক্রমনবায়ন বিকৃতি, বিনাশ ও উত্তরণের উপকরণসমূহ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সুভাষ দে। এখানে আলোচক ছিলেন চৌধুরী বাবুল বড়ুয়া।
সন্ধ্যায় ছিল লোকজ শিল্প ও সংস্কৃতিকে ধারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। সাংস্কৃতিক আয়োজনের শুরুতে পুঁথি পাঠ করেন পটিয়ার ইসহাক পণ্ডিত ও বোয়ালখালীর আবদুল মালেক পণ্ডিত। কবিগানে অংশ নেন পটিয়ার মোহাম্মদ ইউসুফ ও আনোয়ারার আব্দুল মান্নানের দল। এ ছাড়া আঞ্চলিক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ওডিসি টেগোর অ্যান্ড ডান্স মুভমেন্ট, সৃজনশীল নৃত্যাঙ্গন ও নৃত্য নিকেতনের শিক্ষার্থীরা।
উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় শুক্রবার সকাল ১০টায়। দ্বিতীয় দিনে ছিল ‘চট্টগ্রামের লোকশিল্প: মূর্তি, পুতুল ও খেলনা’, ‘চট্টগ্রামী বাংলার ধ্বনিবিচার: লিখনরীতির প্রাসঙ্গিক কিছু তথ্য’ এবং ‘মধ্যযুগের পুঁথি সংগ্রহের পূর্বাপর পরিপ্রেক্ষিত: চট্টগ্রাম’ বিষয়ের ওপর তিনটি বৈঠকের আয়োজন। সন্ধ্যায় উৎসব প্রাঙ্গণে সম্মাননা জানানো হয় নবনির্বাচিত সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে। এরপর অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন জিন্নুরাইন মোস্তরী, গীতা আচার্য, দীপঙ্কর দে, বর্ণালিকা তঞ্চঙ্গ্যা, অমিত তঞ্চঙ্গ্যা ও কান্তা নন্দী। এ ছাড়া ছিল কক্সবাজার অঞ্চলের রাখাইন শিল্পীগোষ্ঠী ও বান্দরবানের তঞ্চঙ্গ্যা শিল্পীদের দলীয় নৃত্য।