লোকবলসংকট বড় অন্তরায়—সিডিএ দরকার জনসচেতনতা —সিসিসি
নগরের রাস্তাঘাট নির্মাণের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। কিন্তু এ দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আছে। এ ব্যাপারে যোগাযোগ করলে সিডিএ লোকবলসংকট এবং সিসিসি জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে। সিডিএর অথরাইজড কর্মকর্তা (১) ও ইমারত নির্মাণ কমিটি-১-এর সদস্যসচিব মোহাম্মদ মনজুর হাসান বলেন, ‘প্রতিটি ভবন নির্মাণের অনুমতিপত্রে সড়ক, ফুটপাত বা নালা দখল করে কাজ না করার জন্য সিডিএর নির্দেশনা থাকে। কেউ তা দখল করলে আমরা আইনি ব্যবস্থা নিয়ে থাকি। তবে সিডিএর এক হাজার ১৫২ বর্গকিলোমিটার এলাকার জন্য মাত্র ১৪ জন কর্মকর্তা পরিদর্শকের কাজ করছেন। লোকবলসংকট আমাদের জন্য বড় অন্তরায়।’ ভবন নির্মাতাদের বক্তব্য অনুযায়ী পুরো জায়গায় প্রকল্প নির্মাণ করলে মালামাল কোথাও তো রাখতে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো প্রস্তুত করা কনক্রিট পাওয়া যায়। তা ছাড়া এভাবে কাজ করতে হলে প্রথমে অর্ধেক জায়গায় কাজ করতে হবে। সড়ক বা ফুটপাত তো দখল করা যাবে না। সড়ক দখলমুক্ত করে যানজট নিরসন শুধু সিডিএর পক্ষে সম্ভব নয়। এ জন্য ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। সমন্বিত কার্যক্রম হাতে নিতে হবে। তবে সব কিছুর ওপরে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর ফল এনে দিতে পারে।’সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনজুর-ই-ইলাহী বলেন, ‘সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট, পরিচ্ছন্নতা বিভাগ, ভূ-সম্পত্তি বিভাগ প্রায় সময় সড়ক, ফুটপাত ও নালা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে আমরা সচেতনতামূলক কার্যক্রমও চালাই। কারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া সড়ক দখলমুক্ত রাখা সম্ভব নয়।’ তিনি আরও জানান, ‘সিটি করপোরেশন এ সমস্যা সমাধানে সর্বাত্মক ও সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে। এ লক্ষ্যে সিটি করপোরেশন ২১ অক্টোবর সিডিএ, উপপুলিশ কমিশনার (যানবাহন), জেলা প্রশাসন, বিআরটিএ, বিভিন্ন ধরনের পরিবহনের শ্রমিক ও মালিক সমিতির সভাপতিদের নিয়ে মতবিনিময় ও নীতিনির্ধারণী বৈঠকের আয়োজন করেছে। আশা করি, এরপরই সমন্বিত চেষ্টায় মাঠে নামা সম্ভব হবে।’সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে আপনাদের নিয়মিত কার্যক্রম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ অভিযোগ করলে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। রাস্তা ও ফুটপাতের ওপর রাখা নির্মাণসামগ্রী সিটি করপোরেশন জব্দ করে নিয়ে আসে।’