লোকবলের অভাবে চালু হচ্ছে না হারামিয়া ২০ শয্যার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছর পরও কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে নির্মিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে। ফলে প্রায় আট কোটি টাকা ব্যয়ে দুই একর জমির ওপর নির্মিত হাসপাতালটি এলাকার জনগণের কোনো কাজে আসছে না। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এলাকার লোকজন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় ৩১ শয্যাবিশিষ্ট সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। এ ছাড়া রয়েছে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এর মধ্যে ৩১ শয্যার হাসপাতালটি সন্দ্বীপের উত্তরাংশে গাছুয়া এলাকায় এবং ১০ শয্যার হাসপাতালটি পশ্চিম প্রান্তে নদীভাঙন-কবলিত হরিশপুর এলাকায় অবস্থিত। কিন্তু অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থা খুবই খারাপ হওয়ায় উপজেলার দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। রোগীদের সমস্যার কথা বিবেচনা করে ২০০৩ সালের মার্চ মাসে স্বাস্থ্যসেবা কমিটির এক সভায় প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগের সুবিধাসম্পন্ন সন্দ্বীপের মাঝামাঝি হারামিয়া এলাকায় একটি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় এনাম মোড় থেকে আধা কিলোমিটার পূর্বে মালেক মুন্সির বাজার এলাকায় নির্মাণকাজ শেষে ২০০৯ সালের ২০ মার্চ হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ওই বছর জুন মাসে এটি হাসপাতাল হিসেবে প্রশাসনিক অনুমোদন লাভ করে। কিন্তু এখনো কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। জানা যায়, অবস্থা সামাল দেওয়ার জন্য গত বছর জুলাই মাসে গাছুয়ার ৩১ শয্যার হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় হারামিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া, উপজেলা ও হরিশপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে সাময়িকভাবে দুই-একজন করে চিকিৎসক ও সেবিকা এনে এখানে কোনো রকমে ইপিআই কার্যক্রম এবং বহির্বিভাগ চালু হলেও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা যায়নি। পূর্ব সন্দ্বীপের বাসিন্দা এনাম নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহুরা বেগম বলেন, সন্দ্বীপের কোনো হাসপাতালে নারী চিকিৎসক নেই। ফলে গ্রামের সহজ-সরল নারী রোগীরা লজ্জায় পুরুষ চিকিৎসকদের কাছে অনেক গুরুত্বপূর্ণ রোগের কথা বলতে না পেরে বিনা চিকিৎসায় ধুঁকে-ধুঁকে মরছেন। নতুন হাসপাতালে গাইনি বিভাগ চালু এবং এতে নারী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তিনি। হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরু বলেন, ‘সন্দ্বীপের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে হাসপাতালটিকে পূর্ণাঙ্গরূপে চালু করা দরকার।’ তিনি এটিকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরেরও দাবি জানান। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় হারামিয়া হাসপাতালের জন্য একজন আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা), চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন চিকিৎসা কর্মকর্তা, একজন টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, ছয়জন জ্যেষ্ঠ সেবিকা, অফিস সহকারীসহ ১৬টি পদ অনুমোদন দিয়েছে। হাসপাতাল চালু করার মতো সব যন্ত্রপাতি বা উপকরণও ইতিমধ্যে এসে গেছে। অনুমোদিত লোকবল নিয়োগ দেওয়া হলেই হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা যাবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানালেন, যোগাযোগ ও অন্যান্য সুবিধার কথা বিবেচনা করে গত মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভায় এ হাসপাতালকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।