লোকসান-আতঙ্কে মাঠে নেই অনেক চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই মৌসুমের লবণ উৎপাদন। তবে গত বছর লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় এবারও লোকসান-আতঙ্কে ভুগছেন স্থানীয় চাষিরা। ব্যবসায়ীরা অগ্রিম টাকা দিয়েও চাষিদের মাঠে নামাতে পারছেন না।
সরেজমিন দেখা গেছে, মাতারবাড়ি ইউনিয়নের ছোয়াখালী, রাঙ্গাখালী, ইদ্রিচের ঘোনা, ফার্ম ঘোনা, বড় মহেশখালী, গোরকঘাটা ও কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন স্থানে লবণ উৎপাদনে মাঠে নেমেছেন চাষিরা। কিন্তু কিছু স্থানে লবণের মাঠ এখনো খালি পড়ে আছে।
চাষিরা জানান, লোকসানের ভয়ে অনেক চাষি মাঠে নামছেন না। গতবার জমির মালিকের কাছে খাজনার টাকা দিয়ে লবণ উৎপাদনে নেমে আসল টাকাই উঠাতে পারেননি অনেকে।
মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাটা এলাকার লবণচাষি নুরুল আলম ও আবুল কাসেম বলেন, গত বছর জমির মালিককে ৬০ হাজার টাকা খাজনা দিয়ে দুই একরে (পাঁচ কানি) লবণ চাষ করেছি। এতে এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১৮০ টাকা। কিন্তু বর্তমানে লবণের দাম মণপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। গত বছরের লোকসান সামলাতে না পারায় এবার লবণ চাষ করা সম্ভব হয়নি।
চাষিরা লবণ উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলায় বিপাকে পড়েছেন লবণ ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ী আবদুল আলিম বলেন, ‘গত বছর অনেক লোকসান গুনতে হয়েছে। এ কারণে এ বছর চাষিদের অগ্রিম টাকা দিয়েও মাঠে নামাতে পারিনি। শেষ পর্যন্ত নিজেই ১৪ জন শ্রমিক নিয়ে ১৮ একর জমিতে লবণ চাষ শুরু করেছি।’
লবণচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা যায়, গত বছর লক্ষ্যমাত্রা চেয়ে বেশি লবণ উৎপাদিত হয়। উৎপাদিত লবণে দেশের চাহিদা মেটানো সম্ভব হলেও দুই লাখ মেট্রিক টন লবণ আমদানি করা হয়। এ কারণে মাঠপর্যায়ে লবণের মূল্যে ধস নামে।
জানা যায়, গত বছর কক্সবাজার জেলায় লবণ চাষ হয়েছে ৬৪ হাজার ১৫১ একর জমিতে। তখন লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ২০ হাজার মেট্রিক টন (পরিশোধিত) লবণ। উৎপাদন হয়েছিল ১৬ লাখ ৩৪ হাজার মেট্রিক টন।
মহেশখালী লবণচাষি ঐক্য পরিষদের সদস্যসচিব মোহাম্মদ সাজেদুল করিম বলেন, প্রতিবছর এ এলাকার প্রায় ২২ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হয়। লক্ষাধিক মানুষ লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। কিন্তু গত বছর লবণের ন্যায্য দাম না পাওয়ায় এলাকার প্রায় ৫০ হাজার লবণচাষি তাঁদের পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কক্সবাজার কার্যালয়ের গবেষণা কর্মকর্তা এ টি এম ওয়ালি উল্লাহ বলেন, গত ১৫ নভেম্বর থেকে বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে।
এবার জেলায় প্রায় ৭০ হাজার একর জমিতে লবণ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে মহেশখালীতে প্রায় ২৪ হাজার একর। আর দেশে লবণের চাহিদা ধরা হয়েছে মাঠপর্যায়ে ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন (পরিশোধিত) লবণ। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ ৯৬ হাজার মেট্রিক টন (অপরিশোধিত) ।