লোকসানের বোঝা নিয়ে লবণ চাষ
দুই সপ্তাহ ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। গত দুই বছর লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের বোঝা নিয়ে মাঠে নামলেন স্থানীয় চাষিরা।
স্থানীয় লবণচাষি ও জমির মালিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত ২৫ নভেম্বর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। উপজেলার ৪০ শতাংশ লোক লবণ চাষ করে জীবিকা নির্বাহ করেছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা, ঘটিভাঙা, সোনাদিয়া, মাতারবাড়ি ইউনিয়নের ছোয়াখালি, ফার্ম ঘোনা, বড়মহেশখালী, গোরকঘাটা ও কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন স্থানে লবণ উৎপাদনের জন্য মাঠে নেমেছেন স্থানীয় চাষিরা। আবার কিছু স্থানে লবণ মাঠে চাষ শুরু হয়নি এখনো। লোকসানের ভয়ে এসব জমিতে চাষিরা লবণ চাষ করেননি বলে জানা গেছে।
মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকার লবণচাষি নূর বক্স বলেন, গত বছর এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছিল প্রায় ১৮০ টাকা। কিন্তু বর্তমানে লবণের দাম ৯০ থেকে ১২০ টাকায় দাঁড়িয়েছে।
ফলে গত বছর অনেক চাষির লোকসান লাখ ছাড়িয়েছে। মহেশখালী লবণচাষি ঐক্য পরিষদের সদস্যসচিব মোহাম্মদ সাজেদুল করিম বলেন, প্রতিবছর এ এলাকার প্রায় সাড়ে ১৭ হাজার একর জমিতে লবণ উৎপাদন হয় এবং লক্ষাধিক মানুষ লবণ মাঠ থেকে লবণ উৎপাদন করে। কিন্তু গত দুই বছর থেকে লবণের ন্যায্য দাম না পাওয়ার কারণে এলাকার প্রায় ৪০ হাজার লবণচাষি তঁাদের পরিবার–পরিজন নিয়ে অনাহারে–অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন ও বিসিক কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুই সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। এবার জেলায় লবণ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার একর জমিতে। তার মধ্যে মহেশখালীতে রয়েছে সাড়ে ১৭ হাজার একর জমি। প্রতি মণ লবণ উৎপাদন করতে চাষিদের খরচ হয় ১৭৫ টাকা। কিন্তু প্রতি মণ কালো লবণ ১০০ টাকা ও সাদা লবণ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর গত বছর লবণ চাষ হয়েছে জেলায় ৫৯ হাজার ৯৬০ একর জমিতে। তখন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন পরিশোধিত লবণ। কিন্তু গত বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে লবণ উৎপাদন হয়েছিল ১৬ লাখ ২৭ হাজার মেট্রিক টন। আর এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পরিশোধিত ১৬ লাখ ৫৮ হাজার মেট্রিক টন লবণ।