লোকসানের বোঝা বিএফডিসির কাঁধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের কার্পজাতীয় (বড় প্রজাতি) মাছের উৎপাদন ও বিপণনে লোকসান গুনছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। কারণ, আহরিত মাছের সিংহভাগ স্থানীয়ভাবে বিক্রি হওয়ায় তার রাজস্ব বিএফডিসির কোষাগারে জমা হচ্ছে না। সংস্থাটির গত চার বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক মাইনুল ইসলাম লোকসানের বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্রদ এলাকায় লোকসংখ্যা বৃদ্ধি ও স্থানীয় বাজার থেকে রাজস্ব আদায় বন্ধ করে দেওয়ার কারণে কার্পজাতীয় মাছ থেকে আমরা লাভবান হতে পারছি না। যে অর্থ খরচ করে কার্পজাতীয় মাছের পোনা প্রতিবছর অবমুক্ত করা হয় আহরিত মাছের রাজস্ব থেকে তার পাঁচ ভাগের একভাগও মেটানো যায় না।’
মাইনুল ইসলাম জানান, একসময় হ্রদ এলাকায় লোকজনের বসবাস ছিল কম। পাশাপাশি স্থানীয়ভাবে মাছর চাহিদাও ছিল নগন্য। কিন্তু গত ২০ বছরে লোকসংখ্যা বাড়ার পাশাপাশি মাছের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। ফলে আহরিত কার্পজাতীয় মাছের বড় অংশ স্থানীয়ভাবে বিক্রি হচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে বিএফডিসি। বিএফডিসি সূত্র জানায়, একসময় স্থানীয়ভাবে বিক্রি করা বড় প্রজাতির মাছ থেকে রাজস্ব আদায় করা হতো। কিন্তু ১৯৭৮-৭৯ সাল থেকে স্থানীয় বাজার থেকে মাছের রাজস্ব আদায় সরকারিভাবে বন্ধ করা হয়।
কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করার খরচ ও রাজস্ব আয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৩ সালে ৭৪ লাখ সাত হাজার ৬৮০ টাকার পোনা ছাড়া হয়েছে। কিন্তু রাজস্ব পাওয়া গেছে ছয় লাখ ৪৩ হাজার ৭৮০ টাকা। একইভাবে ২০১২ সালে ৭৩ লাখ ৯২ হাজার ৩২০ টাকার পোনা ছাড়া হয়, রাজস্ব পাওয়া যায় আট লাখ ৪০ হাজার ৮০০ টাকা। ২০১১ সালে পোনা ছাড়া হয় ২৮ লাখ ৯০ হাজার ৩৫০ টাকার, রাজস্ব পাঁচ লাখ ৭৮ হাজার ৬২৫ টাকা এবং ২০১০ সালে পোনা ছাড়া হয়েছে ২৪ লাখ ৪৯ হাজার ৮৫০ টাকা, রাজস্ব তিন লাখ ৭২ হাজার ৫৭৫ টাকা।
জানা গেছে, বিদুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বহুমুখী সুবিধার কথা চিন্তা করে রাঙামাটির কাপ্তাইয়ে বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণের পর থেকে হ্রদে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদিত হতে থাকে। পরে প্রায় ৭০০ বর্গকিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদের মাছ আহরণ, উৎপাদন ও বিপণনের ব্যবস্থাপনার দায়িত্ব বিএফডিসকে দেওয়া হয়।
বিএফডিসি সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছর বর্ষা মৌসুমে মাছের পোনা অবমুক্ত করা হয়। হ্রদ থেকে আহরিত কার্পজাতীয় মাছ থেকে বিএফডিসি প্রতি কেজিতে ৩২ টাকা করে রাজস্ব আদায় করে থাকে। তবে স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করা মাছ থেকে কোনো রাজস্ব আদায় করা হয় না।