লোকসানের ভয়ে মাঠে যাচ্ছেন না লবণচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস আগে লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও কক্সবাজারের মহেশখালীর অনেক লবণচাষি এখনো মাঠে নামেননি। গত বছরের লোকসান কাটিয়ে উঠতে না পারা এবং এবারও লোকসানের আশঙ্কায় তাঁরা লবণ উৎপাদনে আগ্রহী নন বলে জানা গেছে। মহেশখালী লবণ চাষি ঐক্য পরিষদের সদস্যসচিব মোহাম্মদ সাজেদুল করিম জানান, প্রতিবছর এলাকার প্রায় ৬০ হাজার একর জমিতে লবণ চাষ হয়। প্রায় ৫০ হাজার মানুষ লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। কিন্তু গত বছর থেকে লবণের ন্যায্য দাম না পাওয়ায় এ বছর অন্তত পাঁচ হাজার চাষি লবণ চাষ থেকে বিরত রয়েছেন। তবে বিসিকের গোরকঘাটা এলাকার লবণ পরিদর্শক মো. সফিউল আলম দিয়েছেন ভিন্ন তথ্য। তিনি জানান, উপজেলায় মোট ২৫ হাজার একর জমিতে লবণ চাষ হয়। এর মধ্যে এবার নানা কারণে চার হাজার একর জমিতে চাষ হয়নি। তবে কারণগুলো সম্পর্কে বিস্তারিত বলতে চাননি তিনি। জানা যায়, মহেশখালীতে লবণ চাষ বেশি হয় উপজেলার মাতারবাড়ি, ধলঘাট, কালারমারছড়া, কুতুবজোম, বড় মহেশখালী ও হোয়ানক ইউনিয়নে। এলাকার লবণচাষিরা জানান, গত বছর থেকে দাম কমে যাওয়ায় তাঁরা লবণ উৎপাদনের ব্যাপারে আগ্রহ হারিয়েছেন। প্রতিমণ লবণ উৎপাদনে খরচ হয় প্রায় ১৪০ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। এভাবে দাম কমে যাওয়ায় গত বছর বিপুল ক্ষতির মুখে পড়েন চাষিরা। সে ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। গত বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের পশ্চিম পাশের বিভিন্ন স্থানের লবণমাঠ অনাবাদি পড়ে আছে। এসব জমির মালিকেরা টাকা দিয়ে উৎসাহ দেওয়ার পরও কৃষকেরা মাঠে যেতে রাজি হচ্ছেন না বলে জানান চাষিরা।বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা লবণচাষি আনসারুল করিম জানান, গত বছর ৫০ হাজার টাকা খাজনা দিয়ে দুই একর (পাঁচ কানি) জমি বর্গা নিয়ে লবণচাষ করেছি। কিন্তু লোকসান দিতে হয়েছে ৩৫ হাজার টাকা। এবারও লাভের আশা না দেখে লবণচাষ না করার সিদ্ধান্ত নিয়েছি। একইভাবে লোকসানের কথা বললেন কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার বাসিন্দা লবণ ব্যবসায়ী কামাল হোসেন। একই কারণে ধলঘাটা, মাতারবাড়ি, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে লবণচাষিরা এখনো মাঠে নামেননি। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, ‘গত বছরের লোকসান এখনো কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় চাষিরা। এবারও ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কায় মাঠে যেতে চাইছেন না অনেকে। লবণের দাম বৃদ্ধি ও লবণ বোর্ড গঠনের দাবিতে সম্প্রতি মহেশখালী লবণচাষি ঐক্য পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষ লবণচাষ করে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি তাঁরা দেশের লবণের চাহিদা মেটান। কিন্তু কিছু মুনাফালোভী চক্র বিদেশ থেকে লবণ আমদানির মাধ্যমে স্থানীয় লবণচাষিদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এ কারণে দেশে উৎপাদিত লবণের দাম অস্বাভাবিক ও আশঙ্কাজনকহারে কমে গেছে। ফলে চাষিরা আর্থিক অনটনে পড়ে পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্মারকলিপিতে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ নয় দফা দাবি তুলে ধরা হয়।