লোকাল বাসগুলোর ফিটনেস পরীক্ষা তাঁরা যেভাবে নিতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ মার্চ থেকে টানা ২০ কর্মদিবস ভ্রাম্যমাণ আদালত ঢাকার সব গণপরিবহনের ফিটনেস পরীক্ষা চালাবেন। ভ্রাম্যমাণ আদালতের পরিবর্তে অন্যান্য পেশার ব্যক্তিরা যদি লোকাল বাসগুলোর ফিটনেস পরীক্ষা করতেন, তাহলে কেমন হতো? ভেবেছেন রাফি আদনান

আঁকা: নাইমুর রহমান
আঁকা: নাইমুর রহমান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
সেমিস্টার পদ্ধতিতে লোকাল বাসের ফিটনেস পরীক্ষা নিতেন তাঁরা। সঠিক সময়ে বাসগুলো স্টপেজে এল কি না, কে কতটা দেরি করল—এসবের ওপর হতো মার্কিং। অ্যাসাইনমেন্ট হিসেবে বাসগুলোকে প্রতিযোগিতায় নামাতেন একটা নির্দিষ্ট স্টপেজে। যে বাস সঠিক সময়ে ভালোভাবে পৌঁছাতে পারবে, তার নম্বর বেশি। বাসের চালকেরা তাঁদের নিজস্ব বাস নিয়ে প্রেজেন্টেশন দিতেন।
এ ছাড়া কুইজ ও ক্লাস টেস্টের আদলে ড্রাইভার ও সুপারভাইজারদের হাতে-কলমে পরীক্ষাও নিতেন শিক্ষকেরা। নির্দিষ্ট মাইলেজে কয়েকটা স্টপেজ ঘুরিয়ে মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা নেওয়ার মাধ্যমে সম্পন্ন হতো ফিটনেস পরীক্ষা। এ ক্ষেত্রে ৪০ নম্বরে পাস থেকে ৮০ নম্বরে এ প্লাস দিয়ে বাস ও ড্রাইভারদের ফিটনেস পরীক্ষার ফল ঘোষণার ব্যবস্থাও থাকত।

ক্রিকেট দলের ফিজিও
সময় ভাগ করে দিয়ে বাসগুলোকে নেওয়া হতো কোনো স্টেডিয়ামে। এরপর বিসিবির ফিজিও বাসগুলোকে নামিয়ে দিতেন প্রতিযোগিতায়। বাসগুলো দৌড় প্রতিযোগিতায় নামত নানা ধরনের আঁকাবাঁকা ট্র্যাকে। এতে যেসব বাস ফেল করবে সেগুলোর কোন কোন জায়গায় সমস্যা বা চোট আছে, তা খুঁজে বের করতেন ফিজিও। তারপর তা বিস্তারিত বর্ণনাসহ পেশ করতেন হেড কোচের কাছে।

জ্যোতিষী
একটা টিয়া পাখি ও বেশ কয়েকটা হলুদ খাম দিয়ে ফিটনেস পরীক্ষা নিতেন জ্যোতিষী। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাসগুলোর জন্য সিরিয়াল অনুযায়ী টিয়া পাখি চিঠি বেছে দিত জ্যোতিষীকে। কোন বাসের ওপর শনি ভর করেছে, কোন বাসের ওপর আছে রাহুর গ্রাস—সব জানিয়ে দিতে খামগুলো খুলে।

ফেসবুক সেলিব্রিটি

বাসের ফিটনেস পরীক্ষার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখতে পারেন ফেসবুক সেলিব্রিটিরা। আলাদা আলাদা করে প্রতিটি বাসের ছবি তুলে ফেসবুকে পোস্ট করার পর সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারপ্রাপ্ত বিজয়ী বাসদের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করা যেত। অপেক্ষাকৃত কম লাইক, কমেন্টপ্রাপ্ত বাসগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে পাঠানো হতো ভাগাড়ে।

রাজনীতিবিদ
রাজনীতিবিদেরা লোকাল বাসের ফিটনেস পরীক্ষায় রাখতে পারেন যুগান্তকারী ভূমিকা। শুধু একটা আইডিয়া কাজে লাগাতে হবে। বাসের ফিটনেস পরীক্ষা নেওয়ার সময় গুজব রটিয়ে দিতে হবে, এটা বিরোধী দলের বাস। তারপর সব বাসের প্রতিটি ইঞ্জিন খুঁটিয়ে দেখবে যথাযথ কর্তৃপক্ষ। এতে বাসগুলোর ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলও ধরা পড়বে সহজে। ফিটনেসহীন বাসগুলোকে আর রাস্তায় দেখতে হবে না। এ ছাড়া লোকাল বাসগুলোকে নিয়ে শোভাযাত্রার আয়োজনও করতে পারেন তাঁরা। জনগণের ভোটে যেসব বাস জয়ী হবে, সেগুলোর ফিটনেস পরীক্ষায় পাস মার্ক দেওয়া হবে। এ ছাড়া বিরোধী দলের হরতাল-অবরোধে যেসব বাস রাস্তায় নামেনি, সেগুলোও নিঃসন্দেহে আনফিট বলে ধরে নেওয়া যায়।