লোকালয়ে বন্য হাতির হানা
বোরো ধান কাটার মৌসুমের শুরুতেই বন্য হাতির পাল রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন লোকালয়ে হানা দিতে শুরু করেছে। উপজেলার নানা এলাকায় বন্য হাতির আক্রমণে এ বছর এক ব্যক্তি নিহত ও ২১ জন কৃষক আহত হয়েছেন। এ ছাড়া গৃহপালিত গবাদি পশু মারা গেছে পাঁচটি। নির্বিচারে গাছপালা নিধনের ফলে জঙ্গলে খাদ্যসংকট দেখা দেওয়ায় বারবারই হাতির পাল লোকালয়ে হানা দিচ্ছে। এবার ধান কাটার মৌসুমে উপজেলার শত শত একর জমির পাকা বোরো ধান নষ্ট করেছে হাতির পাল।
কেবল ধানখেতে নয়, ফলের বাগানেও হানা দিচ্ছে বন্য হাতি। কলাগাছ ও অন্যান্য মূল্যবান ফলের গাছ তছনছ করছে। তবে হাতিগুলোর প্রথম পছন্দ ধান। উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্টদের আশঙ্কা, হাতির তাণ্ডবের কারণে এবার বোরোর লক্ষ্যমাত্রা পূরণ হবে না। হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষা করতে আক্রান্ত এলাকার কৃষকেরা প্রতিদিন খেত পাহারা দিচ্ছেন। বছরের শুরুতেই এবার উপজেলায় বন্য হাতির আক্রমণ শুরু হয়েছে। তখন উপজেলার সরফভাটার মীরের খীল এলাকায় বন্য হাতির হামলায় শাহ আলম নামে একজনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র খাদ্যসংকটে পড়ে প্রতিদিন ৩০-৪০টির বন্য হাতির পাল সন্ধ্যার পর ফসলের মাঠে এসে বেপরোয়া আক্রমণ চালায়। প্রায় ২০০ পরিবারের ধানখেত নষ্ট করেছে হাতিরা। হাতির গর্জনে এলাকার মানুষ আতঙ্কে থাকেন।
শিলক ইউনিয়নের মো. লিয়াকত আলী জানান, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকা পদুয়া, খুরুশিয়া, শিলক তৈলাভাঙ্গা বিলসহ বিভিন্ন এলাকায় হাতির দল হানা দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাতিরা দল বেঁধে পাকা ধান নষ্ট করছে। শিলক এলাকার কৃষক মো. মাসুদ ও জমির সরকার জানান, এলাকার ১৮ কৃষকের প্রায় ১০০ একর ধান খেয়ে সাবাড় করেছে হাতির পাল।
চট্টগ্রাম দক্ষিণ বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, প্রতি বছর ধান পাকার শুরুতেই হাতির পাল লোকালয়ে নেমে আসে। খবর পেয়ে বন বিভাগের একাধিক দল আক্রান্ত স্থানে ছুটে যান। কয়েক দিন আগে শিলকে বন্য হাতির লোকালয়ে আসার খবর আমরা পেয়েছি। এই বিষয়ে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।