লোকালয়ে বন্য হাতির হানা, রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরের খীল এলাকায় প্রতি রাতে হানা দিচ্ছে বন্য হাতির পাল। হাতির ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় লোকজন।
কৃষকেরা জানান, মীরের খীলের জঙ্গল সরফভাটা গ্রামে গত এক সপ্তাহে ৩০ কানি জমির পাকা আমন ধান, সাত কানি সবজিখেত নষ্ট করেছে হাতি। এতে ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকার বেশি। এ ছাড়া হাতির আক্রমণে মারা গেছেন এক কৃষক, ধ্বংস করেছে আটটি বসতঘর।
স্থানীয় লোকজন জানান, ১০ ডিসেম্বর রাতে জঙ্গল সরফভাটা এলাকার ওমর আলী শাহ মাজারের পাশে নিজ খামার থেকে গরু আনতে গেলে কৃষক শাহ আলম (৩৫) হাতির আক্রমণে মারা যান।
শাহ আলমের বোন কোহিনুর আকতার জানান, গরু আনতে গেলে বন্য হাতি তাঁকে ঘিরে ফেলে। এ সময় গ্রামবাসী হাতি তাড়াতে এগিয়ে এলে তাঁদের সামনেই শুঁড় দিয়ে পেচিয়ে কৃষক শাহ আলমকে দূরে ছুড়ে মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরদিন ১১ ডিসেম্বর আবারও হাতির পালটি লোকালয়ে নেমে এসে মীরের খীল গ্রামের জঙ্গল সরফভাটা এলাকার মো. অলি, মো. জালাল, করিম, মো. আলীসহ আট জনের কাঁচা ঘর গুঁড়িয়ে দেয়।
গত বৃহস্পতিবার বিকেলে মীরের খীল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির ধান নষ্ট হওয়ায় অর্ধ শতাধিক কৃষক পরিবারে চলছে হাহাকার। গ্রামের মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে হাতির পাল লোকালয়ে এসে সবকিছু লন্ডভন্ড করে দেবে এই ভয়ে এলাকার মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাঁরা মশাল নিয়ে রাতে পাহারা দিচ্ছেন। এলাকার কৃষক মো. আবদুল গফুর, নুরুল আমিন ও আবদুল কাদের জানান, ধান ঘরে তোলার সময়ে বন্য হাতি ফসল পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর হাতির পাল এসে সবকিছু শেষ করে আবার পাহাড়ে চলে যাচ্ছে। আর এ বছর বন্য হাতির পালটিও বড়। ৩০ থেকে ৩৫টি হাতি থাকে এক পালে। সরফভাটা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল বলেন, হাতির পালটি তাড়ানো না গেলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। স্থানীয় চিরিঙ্গা বনবিট কর্মকর্তা এস এম কাউসার হোসেন বলেন, হাতির পাল তাড়ানোর জন্য স্থানীয় লোকজনকে আমরা সহায়তা করছি। হাতির পাল নামছে খবর পেলেই ছুটে যাচ্ছি।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম জানান, পাহাড়ে খাদ্য সংকটের কারণে বন্য হাতির পাল লোকালয়ে নেমে আসছে।