লোকে যারে বড় বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় মনে হতো, আমাদের মাঝের ঘরে যে আলমারিটা আছে, ওর ওপরটা ছুঁতে পারলেই বড় হওয়া যায়। তাই বড় হওয়ার সেকি আপ্রাণ প্রচেষ্টা! আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে কিংবা পায়ের নিচে পিঁড়ি দিয়ে বড় হতে চাইতাম। কিন্তু যখন কোনো কষ্ট ছাড়াই ওটা ছুঁতে শিখলাম, তখনো আমি বড় হতে পারিনি। এরপর মনে হতো, স্কুলে আমার ঠিক ওপরের ক্লাস পর্যন্ত যারা পড়ে, তারা অনেক বড়। সে পথও একসময় মাড়িয়ে এলাম, কিন্তু বড় হতে পারিনি। এ সময় দেখেছি, বড় বোনেরা গোপনে চুপি চুপি কত গল্প করে। কিন্তু আমি উপস্থিত হলেই গল্প বন্ধ। কেননা, তাদের কথা শোনার মতো বয়স আমার হয়নি। রাগে-দুঃখে চোখ-মুখ লাল করে ফিরে আসি। কবে বড় হব আমি? এরপর এসএসসি পাস করলাম। কলেজে ভর্তি হলাম, বড় হওয়ার সেই তীব্র বাসনা আর নেই। নিজেকে ছোট ভাবতেই ভালো লাগে। বড় বোনেরা কোনো কথা আর গোপনে বলে না। তবুও সেসব কথা শুনতে ইচ্ছা হয় না। তারপর এইচএসসি পাস করলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলাম, ভর্তি হলাম। এখন আমার বিয়ের প্রস্তাব আসে। মা-বাবা মত জানতে চান, আমি চমকে উঠি। তাদের সেই ছোট্ট মেয়ে আজ এত বড় দায়িত্ব নেওয়ার যোগ্য হয়েছে? যার কিনা মায়ের আঁচলের নিচে না ঘুমালে ঘুম আসত না। আবারও চমকে উঠি আমি। আর ভাবি, আমি বোধ হয় এবার সত্যিই বড় হয়ে গেছি।নায়ীমা, ঢাকা বিশ্ববিদ্যালয়।