লোড প্রস্তাব...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের লুকোচুরির স্বভাবের নাম লোডশেডিং। আর যাঁরা এই লুকোচুরিতে সিদ্ধহস্ত, তাঁরা হচ্ছেন লোড ম্যানেজমেন্ট মাস্টার। তো এই মাস্টারদের দিয়ে চালু করা যেতে পারত নতুন সাবজেক্ট ‘আর্টস অব লোড ফ্যাশন’। কলেজের নাম হতে পারত লোড+। স্কুল পর্যায় থেকেই শুরু করা যেত এই কার্যক্রম। কিন্তু কাঁচা বয়সে বেশি লোড দিলে কী হয়—তা তো গবেষণার বিষয়। তাই বর্তমানে তা স্থগিত রাখা হলো। অত ঝুঁকি নেওয়া গেল না।এই কলেজে পড়ার শর্তগুলো হলো—সরাসরি ভর্তি, তবে সরকারদলীয় নেতার চ্যালা হতে হবে। লোডশেডিংকালীন লেখা কমপক্ষে ১০টি কবিতা দেখে যাচাই করা হবে আপনার সহ্যশক্তি। বাড়তি অভিজ্ঞতা হিসেবে থাকা চাই দু-চার পর্বে ছ্যাঁকা খাওয়ার সুখানুভূতি। লোডশেডিংয়ের সময়েই শুধু শিক্ষাদান চলবে এই কলেজে। বাকি সময়ে শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা ঝিমোতে পারবে। এতে করে বিদ্যুৎ বিভাগের উপদেষ্টারা জনগণকে বোঝাতে পারবেন তাঁরা লোডশেডিংয়ের মতো বিষয়কেও শিক্ষার হাতিয়ার বানিয়েছেন। এখন লোডশেডিংয়ের নতুন মানে জেলায় জেলায় শিক্ষাবিস্তার। শিক্ষালাভের দুই বছর পরই নিশ্চিত চাকরি। গরমকালে ছুটি হবে না। শীতকালে তিন মাসের ছুটি, তাও একনাগাড়ে। আর আপনার হাত ধরে যদি কিছু নতুনত্ব আসে বিদ্যুৎ বিভাগে, মন্দ হয় না। বর্তমানে ধানের তুষ থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আপনি গমের ছাতু থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চালিয়ে চিনিয়ে দেবেন আপনার ঘিলুর জাত। লোডশেডিং ছাড়া আপনি তো আর বিদ্যুৎ সমস্যার সমাধানের চিন্তা করতে পারেন না। তাই হচ্ছে ঘন ঘন লোডশেডিং—এ রকম লিফলেট ছাপিয়ে দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেবেন। ঘোষণা দেবেন, যে বাড়িতে সপ্তাহে ১৪০ ঘণ্টা বৈদ্যুতিক সুইচে হাত না ছোঁয়ানো হবে, তাদের জন্য বছর শেষে রয়েছে পুরস্কার। এই অবস্থা পর্যবেক্ষণে প্রতিটা বাড়ির প্রতিটা সুইচবোর্ডের নিচে লোড চ্যানেলের গোপন ক্যামেরা লাগানোর ব্যবস্থা থাকতে হবে। এই লোড চ্যানেলটিও হবে আপনার মালিকানাধীন। এত কিছুর পর আপনার চাকরিজীবন পার হলেও কিছু সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে। গড়ে তুলবেন ‘লোড লিকস’ নামের ওয়েবসাইট। তাতে ফাঁস করবেন কোন সালের, কত তারিখে, কখন এবং কত ঘণ্টা করে একজন নেতার ঘরে বিদ্যুৎ ছিল আর একজন সাধারণ মানুষের ঘরে বিদ্রূপ তথা লোডশেডিং ছিল। ধন্যি ধন্যি পড়ে যাবে আপনার নামে। এই জনপ্রিয়তার লোড নিশ্চিতভাবেই আপনি বহন করতে পারবেন না। আপনাকে লোড মাইনাস নামের ফার্ম গঠন করতে হবে। আপনার লোডময় জীবনের ঘামঝরানো সাফল্য কামনা করছি।  লক্ষ্মী চক্রবর্তীনতুন উপশহর, যশোর।