লোডশেডিং ও লিপস্টিক
২০০৬ সালের ঘটনা। এক সন্ধ্যায় আমাদের এলাকায় কিসের যেন স্মরণসভার আয়োজন করা হয়েছে। এই সভায় বক্তব্যের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। অনুষ্ঠানে আমাকে কবিতা আবৃত্তি করার জন্য বলা হয়েছে। যেহেতু স্মরণসভা, তাই প্রথমে ভাষণ। কথার বলার জন্য অনেকেই ছিলেন। তাই অনুষ্ঠান শুরু হবে সাড়ে ছয়টায়। আমাদের বাসা থেকে মিলনায়তনটা খুব একটা বেশি দূরে নয়। তাই সন্ধ্যার পর রেডি হলেও হবে। আমার সঙ্গে এক ভাইয়া কবিতা আবৃত্তি করবে। আমি বিকেলবেলা যথারীতি লাল পাড়ের সাদা শাড়ি পরেছি। ভাষণে দেরি হবে বলে মেকআপ নিতে চাইলাম একটু সন্ধ্যার সময়। না হলে গরমে সব নষ্ট হয়ে যাবে। আগের দিন জানা গিয়েছিল অনুষ্ঠানের সময় বিদ্যুৎ থাকবে। তো গরমের কোনো চিন্তা নেই। হঠাৎ শুনি ভাষণ শেষ। বাসা থেকে সব শোনা যাচ্ছে। আমি তখনও সাজিনি! উদ্বোধনী গান শুরু হয়ে গেছে। তাই তাড়াতাড়ি সাজতে লাগলাম। হঠাৎ লোডশেডিং। তাড়াহুড়ো করে লিপস্টিক দিলাম ঠোঁটে। একদিকে লোডশেডিং অন্যদিকে অনুষ্ঠান, তাই তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আয়নাও দেখতে ভুলে গেছি। যখন মিলনায়তনের কাছে পৌঁছালাম, ভাইয়া আমাকে দেখে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। ভাইয়ার এই অবস্থা দেখে অন্যরা তো মাটিতে গড়াগড়ি খায়। সবাই বলতে লাগল, আমি কেন মুখে কালি দিয়েছি। বুঝতে পারলাম আমি ভুলে আইলাইনার লিপস্টিক হিসেবে দিয়েছি। অনুষ্ঠানের খাতিরে তাড়াতাড়ি ধুতে গেলাম, তাতেও হলো বিপত্তি। ওয়াটার প্রুফ হওয়ায় কালি খুব একটা না উঠে আমার সারা মুখে ছড়িয়ে গেল। পুরো মুখ হয়ে গেল কালো। আমার এই অবস্থা দেখে সবাই হাসাহাসি করছে। এ অবস্থায় কি আর কবিতা আবৃত্তি করা যায়! হায় রে লোডশেডিং, আমার কিশোর মনের প্রতিভা বিকাশ করতে দিলি না! ওশিন, মোহনগঞ্জ, নেত্রকোনা।