লোডশেডিং চলছেই
চলতি গরমের মৌসুম মোকাবিলা করতে সরকার একসঙ্গে চালু করেছে দুটি তাপবিদ্যুৎকেন্দ্র এবং তিনটি ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। তবে গ্যাসের সরবরাহ কম থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। ফার্নেস তেলভিত্তিক তিনটি কেন্দ্রের সরবরাহ দিয়েও পুরো চাহিদা মেটানো যাচ্ছে না। ফলে চট্টগ্রামে লোডশেডিং অব্যাহত রয়েছে। সামনের দিনগুলোতেও এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা। চট্টগ্রাম পিডিবির হিসাব অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন ১০০ থেকে ১৫০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। গরম বাড়লে এর মাত্রা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ৭০০ মেগাওয়াটের বেশি। বর্তমানে সর্বোচ্চ সরবরাহ পাওয়া যায় ৬০০ মেগাওয়াট। গরমের মৌসুম ছাড়াও আগামী রমজান মাস পর্যন্ত সরকার বিদ্যুতের সর্বোচ্চ সরবরাহ নিশ্চিত করতে চায়। জানতে চাইলে পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা বলেন, ‘আমরা চেষ্টা করছি লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে। প্রয়োজনে জাতীয় গ্রিড থেকেও বিদ্যুৎ আনা হচ্ছে। এ ছাড়া জরুরি হলে উৎপাদন আরও বাড়ানো হবে।’ জানা যায়, রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট, শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র এবং শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এ তিনটি কেন্দ্রের উৎপাদনক্ষমতা ৬৩০ মেগাওয়াট। পিডিবির লোকজন জানান, কেবল গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখা গেলেই চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেকখানি লোডশেডিংমুক্ত রাখা সম্ভব। কিন্তু কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল) বিদ্যুৎকেন্দ্রগুলোর চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। চট্টগ্রামের তিন বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা ১৬০ মিলিয়ন ঘনফুট। কিন্তু জাতীয় গ্রিড থেকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি গ্যাস পায় মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দেওয়া সম্ভব নয় বলে কেজিডিসিএলের কর্মকর্তারা জানান। বর্তমানে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং শিকলবাহা পিকিং বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে কেজিডিসিএল গড়ে ৬৫ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরি সচল হতে না পারায় চট্টগ্রাম পিডিবিকে পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ফার্নেস তেলভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রের ওপর। এ তিন কেন্দ্র থেকে সান্ধ্যকালীন পিক সময়ে গড়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। তবে দিনের বেলায় বিদ্যুতের চাহিদা কমে গেলে এখানে উৎপাদনও কমিয়ে দেওয়া হয়। জানা গেছে, ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন অত্যধিক ব্যয়বহুল। ফলে সরকার পারতপক্ষে ফার্নেস তেলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে চায় না। কিন্তু পরিস্থিতি মোকাবিলা করতে এর বিকল্পও নেই। সূত্র জানায়, তাপ ও ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার যখন বেকায়দায়, তখন কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র (কাপ্তাই) থেকে পাওয়া ৯০ মেগাওয়াট বিদ্যুৎ চট্টগ্রামের সরবরাহব্যবস্থাকে সহজ করে রেখেছে। তবে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমে যাচ্ছে। ফলে কমছে এখানকার তিনটি ইউনিটের উৎপাদনও। কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি চালু রয়েছে।