লোডশেডিংয়ে অতিষ্ঠ ভূজপুরবাসী
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, কাজিরহাটসহ ১৫টি গ্রামের ১২ হাজার পল্লীবিদ্যুতের গ্রাহক ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ।
গ্রাহকদের অভিযোগ, দিনে-রাতে ১০ থেকে ১২ বার লোডশেডিং হচ্ছে। এতে তাঁরা দৈনন্দিন কাজ সারতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলায় পল্লীবিদ্যুতের গ্রাহক সংখ্যা ৭০ হাজার। এর মধ্যে ১২ হাজার গ্রাহক ভূজপুর থানার বাসিন্দা। উপজেলায় পল্লীবিদুত্যের দুটি সঞ্চালন লাইন ও নয়টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে উপজেলায় দিনের বেলায় বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট। সরবরাহ করা হচ্ছে ৯ থেকে ১০ মেগাওয়াট। আর রাতে ২২ মেগাওয়াট চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে ১০-১১ মেগাওয়াট। অপরদিকে উপজেলার ভূজপুর থানায় বর্তমানে দৈনিক তিন থেকে সাড়ে তিন মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে দেড় থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ। ফলে ঘটতি মেটাতে লোডশেডিং করতে হচ্ছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে।
তবে গ্রাহকেরা বলছেন, সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির দাবি করলেও গত বছরের তুলনায় এ বছর লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট অনেক বেড়েছে।
ভূজপুরের পূর্ব-সুয়াবিল গ্রামের চিকিৎসক বাদল চক্রবর্তী বলেন, দিন-রাতে সমানে বিদ্যুৎ যায় আর আসে। কখনো এক ঘণ্টা আবার কখনো টানা দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং চলে। এ অবস্থায় দৈনন্দিন কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
চুরখাঁরহাট গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলাম বলেন, উপজেলা সদরের বাইরে অবস্থিত সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুরসহ অনেক এলাকায় লোডশেডিং বেশি হয়। উপজেলা সদরের বাসিন্দারা লোডশেডিং হলে বিদ্যুৎ-কার্যালয়ে গিয়ে প্রতিবাদ করেন। কিন্তু ভূজপুরের মানুষ তা করতে পারে না বলেই এখানে লোডশেডিং বেশি।
সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। মোমবাতি কিংবা হারিকেন জ্বালিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া সারতে হয়।
ভূজপুরের গ্রাহকেরা জানান, চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকেই লোডশেডিং চরম আকার ধারণ করেছে। গত বছরও এমন সমস্যা ছিল না।
কাজিরহাটের বাসিন্দা ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘দিনের বেলায় জেনারেটর দিয়ে কোনো মতে নিজের দোকান চালাচ্ছি।’
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফকরুল ইসলাম বলেন, ‘চাহিদামতো বিদ্যুৎ পাই না বলে গ্রামাঞ্চলে কিছুটা লোডশেডিং করতে হয়। এ ছাড়া, বৃষ্টি হলে কিংবা আবহাওয়া খারাপ হলে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবার তা চালু করা হয়।’