লোডশেডিংয়ে অতিষ্ঠ ভূজপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, কাজিরহাটসহ অন্তত ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার গ্রাহক ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ। গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০ থেকে ১২ বার লোডশেডিং হচ্ছে। সুয়াবিল গ্রামের হ্যানিম্যান হোমিও ফার্মেসির স্বত্বাধিকারী সজল চক্রবর্তী বলেন, ‘কখনো এক ঘণ্টা আবার কখনো টানা দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং চলে। এ অবস্থায় আমাদের ভোগান্তির শেষ নেই।’বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ভূজপুরে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সুয়াবিলের চুরখাঁহাট গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ‘সরকার বলছে বিদ্যুৎ উৎপাদন করে দেশ অনেক এগিয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই বিদ্যুৎ গেল কোথায়?’ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, ‘সন্ধ্যার সময় প্রতিদিন বিদ্যুৎ চলে যায়। মোমবাতি কিংবা হারিকেন জ্বালিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া চালাতে হয়।’ভূজপুর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর গ্রীষ্মকাল থেকে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। গত বছরও সমস্যা এমন প্রকট ছিল না। কাজিরহাটের বাসিন্দা ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘দিনের বেলায় জেনারেটর দিয়ে কোনোমতে নিজের দোকান চালাচ্ছি। এ ছাড়া মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে গরমে অতিষ্ঠ হয়ে পড়ছি। এ অবস্থা থেকে কি আমাদের কোনো উত্তরণ নেই?’ফটিকছড়ি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শংকর দাশ বলেন, ‘চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যায় না বলে গ্রামাঞ্চলের কিছু এলাকায় লোডশেডিং হয়। তবে তা আগের তুলনায় অনেক কম। বৃষ্টি-বাদল হলে কিংবা আবহাওয়া খারাপ হলে বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’