লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত লোহাগাড়ার শিল্প-উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে প্রতিঘণ্টায় এবং রাতে অনেক সময় ১০ মিনিট অন্তর বিদ্যুৎ আসে আর যায়। এভাবে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে লোহাগাড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। বিদ্যুতের অভাবে স্থানীয় কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেচযন্ত্রগুলো চালু করতে না পারায় কৃষি উৎপাদন থমকে যাচ্ছে। ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। নষ্ট হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি। পদুয়ার শিল্প উদ্যোক্তা নুরুল কবির জানান, দিনে ও রাতে অধিকাংশ সময় জেনারেটর দিয়ে কারখানা চালু রাখায় পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে। পাশাপাশি অন্যান্য কারখানায় দুই পালার পরিবর্তে এক পালা চালু রয়েছে। শিল্প উদ্যোক্তা নাজমুল মোস্তফা আমিন জানান, বিদ্যুৎ পরিস্থিতি লোহাগাড়ায় স্বাভাবিক মাত্রায় না আনলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। স্থানীয় উদ্যোক্তাদের অনেকেই প্রথম আলোকে জানান, বিদ্যুতের মারাত্মক লোডশেডিংয়ের কারণে শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে চট্টগ্রাম শহরে স্থানান্তরের চিন্তা-ভাবনা চলছে।এ ছাড়া বিদ্যুতের ভেল্কিভাজিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র। বিদ্যুতের অভাবে লোহাগাড়া সদরের কম্পিউটার, ফ্যাক্স, ফটোস্ট্যাটের দোকানগুলো প্রায় সময় বন্ধ রাখতে হচ্ছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো চাষও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (ইউএইচও) সফিকুর রহমান জানান, পর্যাপ্ত বিদ্যুতের অভাবে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। নষ্ট হচ্ছে শিশুর সংরক্ষিত টিকা। লোহাগাড়া পল্লি বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পরিতোষ সরকার বলেন, ‘অধিকাংশ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বন্ধ রয়েছে, ফলে সরবরাহ কমে গেছে। লোহাগাড়ায় পিক আওয়ারে সাত মেগাওয়াটের মতো বিদ্যুৎ চাহিদা রয়েছে। কিন্তু আমরা পিক আওয়ারে এক-দুই মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে পারি। রাতের বেলায় বিদ্যুৎ পাই না বললেই চলে।’ তিনি আরও জানান, গ্রিড নিয়ন্ত্রণ করে পিডিবি এবং সম্পূর্ণ লোডশেডিং তাদের নিয়ন্ত্রণে। এদিকে, এলাকাবাসী বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনসহ সংসদ সদস্যের হস্তক্ষেপ চেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ জানান, ‘বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’