লোনা পানিতে নষ্ট হচ্ছে ২০০ কিলোমিটার সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোনা পানিতে নষ্ট হচ্ছে কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়া পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটারের মহাসড়ক। লবণ বোঝাই ট্রাক সড়কের ওপর দিয়ে চলাচলের সময় লোনা পানি ঝরে পড়ে বিটুমিন (সড়কের ওপরের প্রলেপ বা কার্পেটিং) নষ্ট হচ্ছে। সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। ফলে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অন্যদিকে লোনা পানির কারণে সড়কের উপরিভাগ পিচ্ছিল হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে হতাহতের সংখ্যাও বাড়ছে। ১ মে চকরিয়ার হারবাং এলাকায় শুঁটকিবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। পিচ্ছিল হওয়ার কারণে এ সড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটারের বেশি গতিতে যানবাহন চালানো যাচ্ছে না। ফলে যাত্রীদেরও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। একাধিকবার সিদ্ধান্ত নিয়েও প্রশাসন পলিথিন মুড়িয়ে লবণ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বিদেশ সফরে যাবার আগে প্রথম আলোকে জানান, পলিথিন মুড়িয়ে ট্রাকে লবণ পরিবহনের নিয়ম থাকলেও অনেকে তা অমান্য করছেন বলে খবর রয়েছে। সড়কের ওপর স্থাপন করা একাধিক সরকারি বাহিনীর তল্লাশিকেন্দ্রে (চেকপোস্ট) এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন তা কার্যকর হচ্ছে না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা গেছে, টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা, রঙ্গিখালী, জাদীমুরা, দমদমিয়া, সাবরাং, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন সড়কের ওপর রেখে ২০টির বেশি ট্রাক লবণ বোঝাই করে। অনেকে মাঠ থেকে সরাসরি ভেজা লবণ ট্রাকে বোঝাই করে চট্টগ্রামের পটিয়াসহ ঢাকা, নারায়ণগঞ্জে সরবরাহ করছেন। এ সময় ট্রাক থেকে লোনা পানি সড়কের ওপর ঝরে পড়তে দেখা যায়। লোনা পানি সড়কের ওপর পড়লে ওই অংশ (সড়ক) মুহূর্তে পিচ্ছিল হয়ে পড়ে। সড়কের ওপর দাঁড় করিয়ে ট্রাকে লবণ বোঝাইয়ের কারণ জানতে চাইলে টেকনাফের রঙ্গিখালী গ্রামের আবদুল মান্নান (৪২) জানান, ‘আমাদের কাজ হচ্ছে মাঠ থেকে লবণ এনে ট্রাক বোঝাই করে দেওয়া। এক মণ লবণ বোঝাই করে দিলে আমরা ছয় টাকা করে পাই। ট্রাক থেকে লবণপানি পড়ে সড়ক নষ্ট হলে আমাদের করার কিছু নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক উখিয়া ও টেকনাফের কয়েকজন ব্যবসায়ী জানান, ট্রাকের নিচে পলিথিন বিছিয়ে তার ওপর লবণ বোঝাই করলে সড়কের ওপর মোটেও পানি পড়ে না। কিন্তু পলিথিনে জমা সেই পানিতে বিপুল পরিমাণ লবণ গলে (নষ্ট) যায়। তাই ট্রাকে পলিথিন বিছানো হয় না। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে পলিথিনবিহীন চার শতাধিক ট্রাক বোঝাই করে হাজার হাজার মণ লবণ সরবরাহ করতে গিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়া পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটারের সড়ক নষ্ট হচ্ছে। চকরিয়ার ট্রাকচালক মনির উল্লাহ (৩৪) জানান, পলিথিনবিহীন লবণ বোঝাইয়ের কারণে সড়ক নষ্ট হওয়ার পাশাপাশি ট্রাকের ইঞ্জিন এবং চাকাও নষ্ট হচ্ছে। কক্সবাজারের বিসিক লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার টেকনাফ, সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০ হাজার একর জমিতে লাখ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হচ্ছে। আগে এসব লবণ কার্গো ট্রলারে বোঝাই করে সমুদ্রপথে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, ঝালকাঠি, বরিশালসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও এখন নিষেধাজ্ঞার কারণে ট্রাকে বোঝাই করে সড়কপথে সরবরাহ দিতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, লোনা পানির কারণে এ বিভাগের আওতাধীন টেকনাফ থেকে চুনতি পর্যন্ত ১৫৬ কিলোমিটার সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। লোনা পানি জমে থাকায় সড়কের বিটুমিন নষ্ট হচ্ছে। পরবর্তী সময়ে এসব স্থানে গর্তের সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচল করতে গিয়ে ছোট গর্তগুলো বড় আকার ধারণ করছে। অসংখ্য সেতু-কালভার্ট ভেঙে যাচ্ছে। কক্সবাজার আন্তজেলা বাসশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, গত তিন মাসে ৮৫ কিলোমিটারের টেকনাফ-কক্সবাজার সড়কে ৪০টির বেশি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে লোনা পানিতে সড়ক পিচ্ছিল হওয়ায়। কক্সবাজার ট্রাকমালিক ঐক্যপরিষদের সভাপতি নঈমুল হক চৌধুরী জানান, ‘গত বছরের জানুয়ারি থেকে টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়া পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার সড়কে পলিথিন বিছিয়ে লবণ পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন তা বাস্তবায়ন করছে না।’