লোনাপানির কারণে বোরো চাষ হচ্ছে না ২২০ হেক্টর জমিতে
আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের তিনটি ব্লকের ২২০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। খোলা বেড়িবাঁধ দিয়ে জমিতে লোনাপানি ঢুকে পড়ায় বোরো চাষ করতে পারেননি কৃষকেরা।স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালের পর থেকে শঙ্খ নদ ও বঙ্গোপসাগরের ভাঙনের কবলে পড়ে উপকূলীয় রায়পুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকার বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এ কারণে খোলা বেড়িবাঁধ দিয়ে প্রায় সারা বছর এলাকায় লোনাপানি প্রবেশ করে। ফলে এ এলাকার কৃষি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, রায়পুরের পূর্ব গহিরা, দক্ষিণ সরেঙ্গা, রায়পুর, বার আউলিয়া, ঘাটকূল এলাকার বিস্তীর্ণ জমি অনাবাদি পড়ে আছে। পূর্ব গহিরার বাসিন্দা মো. রাশেদ বলেন, ‘আমাদের চার কানি (১৬০ শতক) জমি থাকলেও লোনাপানির কারণে বোরো চাষ হচ্ছে না।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এ বছর ইউনিয়নের রায়পুর ব্লকে ৮০ হেক্টর, গহিরা ব্লকে ৮০ থেকে ৯০ হেক্টর ও চুন্নাপাড়া ব্লকে ৬০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। গহিরা ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা অলক দাশগুপ্ত বলেন, ‘খোলা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশের কারণে জমিগুলোতে চাষাবাদ ব্যাহত হচ্ছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘রায়পুরে বেড়িবাঁধ দেওয়া হলে বোরো চাষ বাড়বে।’