শাকসবজি অনেক উপকারী হলেও সেগুলোর প্রতি লোকজনের আগ্রহ সাধারণত কম হয়ে থাকে। এ সমস্যার সমাধান কী? যুক্তরাষ্ট্রের একদল গবেষকের পরামর্শ, লোভনীয় নাম দিতে হবে। তাহলেই লোকে নিরামিষ খাবারের প্রতি আকৃষ্ট হয়।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওই গবেষক দল স্থানীয় ক্যাফেটেরিয়ায় পরীক্ষা চালিয়ে দেখেন, নিরামিষ পদের একই খাবারের নাম বদলে দিয়ে বিক্রি ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। এই পরীক্ষার জন্য তাঁরা শাকসবজির কয়েকটি পদের নাম নির্ধারিত তালিকায় পাল্টে দেন। নতুন নামগুলো ছিল ‘সিজলিং বিনস’, ‘ডিনামাইট বিটস’, ‘টুইস্টেড সাইট্রাস-গ্লেইজড ক্যারটস’ প্রভৃতি। এ রকম নাম দেখে ক্রেতারা আগ্রহভরে সেগুলো কিনে খান। আর ‘হোলসাম’-এর মতো স্বাস্থ্যসম্মত খাবারের নামে তাঁরা সামান্যই আগ্রহ দেখিয়েছেন।
এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন জেএএমএ ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। প্রধান গবেষক ব্র্যাড টার্নওয়াল্ড ও তাঁর সহযোগীরা বলেন, খাবারের ব্যাপারে মানুষের পছন্দ-অপছন্দের ক্ষেত্রে মনস্তত্ত্বের একটা বড় ভূমিকা থাকে। বেশির ভাগ মানুষ স্বাদের কথা ভেবেই খাবার বাছাই করে। তুলনামূলক বেশি স্বাস্থ্যকর খাবারগুলোকেও তারা প্রায় সময় কম স্বাদের বলে এড়িয়ে যায়। খাবারের মোড়কে লেখা নাম মানুষের অনুভূতির ওপর প্রভাব ফেলতে পারে। সে কারণেই ভিন্ন নাম দেখে একই খাবারের প্রতি কখনো কখনো মানুষ আকর্ষণ বোধ করে।
শাকসবজি বেশি খাওয়ার প্রয়োজনীয়তা বা সুফল বেশির ভাগ মানুষ জানলেও খুব কম ক্ষেত্রেই সেটা মেনে চলে।
যুক্তরাজ্যের বোর্নমাউথ ইউনিভার্সিটির অধ্যাপক হিদার হার্টওয়েল বলেন, খাদ্যাভ্যাস পাল্টাতে একেকজনের ওপর একেক কৌশল কাজে লাগে। কেউ কেউ সচেতনভাবেই স্বাস্থ্যসম্মত খাবার বেছে নেওয়ার চেষ্টা করে। অবশ্য ব্যক্তিগত পছন্দের ব্যাপারটা খুবই জটিল।