লোভের বলি চুনতির মা-গাছ!
গাছটির গোড়ার দিকের কাণ্ডের বেড় ছিল ১০ ফুট আট ইঞ্চি আর উচ্চতা ৫৫ ফুট। গত ১৩ ডিসেম্বর লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যে জামায়াত-শিবিরের কর্মীদের হাতে প্রাণ যায় এই মা গর্জন গাছের (মাদার-ট্রি)। কেবল রাজনৈতিক সহিংসতা নয়, বনদস্যুদেরও লোভের বলি হয়েছে মা গর্জন গাছ। গত কয়েক দশকে কমতে কমতে এমন গাছের সংখ্যা হাজারে এসে ঠেকেছ।
উদ্ভিদবিদ ও বন বিভাগের কর্মকর্তারা জানান, চুনতি অভয়ারণ্যের প্রাণভোমরা মা গর্জন গাছ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। প্রতিবছর বীজ ছড়িয়ে প্রাকৃতিক বন সৃজনে ভূমিকা রাখা এই গাছগুলোর সংখ্যা কমে যাওয়ায় বনের স্বাভাবিক বৃদ্ধি ও ভারসাম্য নষ্ট হচ্ছে।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানান, এক সময় চুনতি বনে প্রতি ৪০ থেকে ৫০ ফুট দূরে দূরে গর্জন গাছ দেখতে পাওয়া যেত। কিন্তু নির্বিচারে গাছ কাটার কারণে এখন আধা-মাইল পর পর গর্জন গাছ দেখা যায়। অবশ্য কেবল গর্জন নয়, কমেছে বনভূমির প্রায় সব প্রজাতির গাছ।
সম্প্রতি সরেজমিনে চুনতি অভয়ারণ্যের লোহাগাড়া অংশে ঘুরে বেশ কয়েকটি মা গর্জন গাছ চোখে পড়েছে। কয়েকটি গাছের গোড়ার কাণ্ডের প্রস্থ ২০-২৫ ফুট ও উচ্চতা ৫০-৬০ ফুটের কাছাকাছি দেখা গেছে। তবে মা গর্জন গাছগুলোর অবস্থান ছিল অনেক দূরে দূরে। অভয়ারণ্যের বনপুকুর এলাকায় গিয়ে দেখা যায় একাশিয়া, ইউক্যালিপটাস ও মেনজিয়াম জাতের ক্ষতিকর গাছ লাগানো হয়েছে।
চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা আবদুল মতিন জানান, একেকটি মা গাছ থেকে বছরে ৩০-৪০ হাজার চারা তৈরি হয়। এসব গর্জন গাছ দূর-দূরান্তে বীজ ছড়িয়ে বংশ বিস্তার করে। আর শতবর্ষী গর্জনের চারার বৃদ্ধিও ভালো হয়। বর্তমানে এ ধরনের গাছ বিলুপ্তির পথে। চুনতি অভয়ারণ্যে কর্মরত বনপ্রহরীর সংখ্যা কম বলে মা-গাছ হত্যা ঠেকানো যাচ্ছে না বলে তিনি দাবি করেন।
চুনতি অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আনোয়ার কামাল জানান, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বনদস্যুরা মা-গাছ হত্যা করছে। চুনতি, বাঁশখালী, হারবাং ও আজিজনগরের সংঘবদ্ধ কাঠচোর চক্র এর সঙ্গে জড়িত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ জানান, তিনি ১৯৯০ সাল থেকে চুনতি অভয়ারণ্যে বিভিন্ন গবেষণা কার্যক্রমের সঙ্গে জড়িত। তখন এখানে প্রতি হেক্টরে ১৭৪ প্রজাতির গাছ ছিল। বর্তমানে তা মারাত্মকভাবে কমে গেছে। শতবর্ষী গর্জন গাছগুলো পাখি, বানরসহ নানা প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল। এসব মা-গাছ কমে যাওয়ায় জীববৈচিত্র্যও নষ্ট হয়েছে। তা ছাড়া বনের ভেতর লাগানো ইউক্যালিপটাস ও আকাশমনির পাতা অভয়ারণ্যের মাটির উর্বরতা হ্রাস করছে বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যে সহকারী বন সংরক্ষক কাজল তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি সম্প্রতি চুনতি অভয়ারণ্যের দায়িত্ব নিয়েছি। যে মা গর্জন গাছগুলো অবশিষ্ট রয়েছে, সেসব রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত-শিবিরের হামলায় যে দেড় শ বছরের গাছ হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
উল্লেখ্য চুনতি অভয়ারণ্যে সহ-ব্যবস্থাপনা কমিটি ২০১২ সালে বন ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ইক্যুয়েটর পুরস্কার লাভ করে।