লোহাগাড়ার ১৫টি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলায় এবারের সাম্প্রতিক বন্যায় গুরুত্বপূর্ণ ১৫টি অভ্যন্তরীণ গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে কিছু কিছু সড়ক একেবারেই চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগ পোহাচ্ছেন লোহাগাড়ার স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেড়ে গেছে যাতায়াতের ভাড়া ও পণ্য পরিবহন খরচ।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, এবারের বন্যায় লোহাগাড়ার উপজেলার প্রায় ৬৮ কিলোমিটার রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত ১৫টি সড়কের মধ্যে দরবেশহাট ডিসি সড়ক, আমিরাবাদ আলুরঘাট সড়ক, পদুয়া আঁধারমানিক সড়ক, জঙ্গল পদুয়া সড়ক, চুনতি ফারাঙ্গা সড়ক, বার আউলিয়া ডিগ্রি কলেজ সড়ক, লোহাগাড়া সুখছড়ি স্কুল সড়কের দশা বেহাল।
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সভাপতি মামুনর রশিদ জানান, গ্রামীণ রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে। রাস্তাঘাট চলাচলের একেবারে অনুপযোগী। তিনি আরও বলেন, গ্রামীণ সড়কে ভারী বালুবোঝাই ট্রাক চলাচলের অনুমতি না থাকলেও নিয়ম মানা হচ্ছে না। ফলে সড়ক দ্রুত ভেঙে যাচ্ছে।
আধুনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, রাস্তা খারাপ হওয়ায় গ্রামীণ সড়কে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতিও কমে যাচ্ছে।
স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক জানে আলম বলেন, গ্রামীণ সড়কে বড় বড় গর্ত থাকায় প্রায় সময় আমাদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। ফলে ভাড়া একটু বেশি নিতে হয়।
পদুয়া তেওয়ারীহাটের সবজি বিক্রেতা দিলীপ দাশ জানান, রাস্তা খারাপ হওয়ায় গ্রামের ভেতর থেকে সবজি কিনে আনতে পরিবহন খরচ বেশি পড়ে। এতে সবজির দামও বেড়ে যাচ্ছে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, এবারের বন্যায় ১৫টি ক্ষতিগ্রস্ত সড়কের ক্ষতির পরিমাণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এর মধ্যে পাঁচটি রাস্তা সংস্কারের কার্যক্রম চলতি অর্থবছরে শুরু হবে।
এই সড়কগুলো হলো দরবেশহাট ডিসি সড়ক, রামপুর ডিসি সড়ক, শাহপীর সড়ক, পদুয়া আঁধারমানিক সড়ক ও কলাউজান ফিডার সড়ক। বাকি রাস্তাগুলো প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পর সংস্কার করা হবে।