লোহাগাড়া বিএনপিতে কোন্দল চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া বিএনপিতে কোন্দল আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কোন্দলের জের ধরে ২৯ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুপক্ষের (গ্রুপ) পৃথক সমাবেশ হতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদুয়া এলাকায় ওই সমাবেশ ডাকা হয়। এক কিলোমিটারের মধ্যে একই দিনে ডাকা সমাবেশ উপলক্ষে দুপক্ষই সাবেক মন্ত্রী এম মনজুর মোরশেদ খানকে প্রধান অতিথি উল্লেখ করে পোস্টার ছাপে এবং আলাদা মিছিল করে উত্তেজনাকর স্লোগান দেয়। এতে শান্তি ভঙ্গের আশঙ্কায় প্রশাসন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ার আশঙ্কায় বিএনপির দুপক্ষের কাউকে সভা করতে দেওয়া হয়নি। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত বছরের ৭ নভেম্বর লোহাগাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এতে সভাপতি পদে আসহাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে খোকন চৌধুরীকে মনোনয়ন দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্থানীয় বিএনপির তৎকালীন পাঁচ যুগ্ম আহ্বায়ক। ওই দিনই বিএনপির একাংশের নেতা সাজ্জাদুর রহমানকে সভাপতি এবং আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি অনুমোদন দেন বর্তমান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা গাজী মো. শাহাজাহান। এরপর থেকে লোহাগাড়া বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও পরস্পরের প্রতি বিষোদগার লেগেই আছে। এতে ব্যাহত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম। হতাশ হয়ে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফৌজুল কবির ক্ষোভের সঙ্গে বলেন, ‘গত বছর দ্বিবার্ষিক সম্মেলনের পর থেকে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ প্রায়শই সংঘাতে রূপ নেয়। এতে দলের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হচ্ছে।’পদুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম জানান, দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেওয়া না হলে দলের অনেক কর্মী-সমর্থক দল ছেড়ে যাবেন। এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা বিএনপির একাংশের সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিএনপির মূল কমিটি। এখানে কোনো দ্বন্দ্ব নেই। দলের নিয়ম মেনে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়েছে।’ অপর অংশের সভাপতি সাজ্জাদুর রহমানের দাবি, ‘আমাদের কমিটিকেই জেলা এবং কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ত্যাগী নেতাদের সমন্বয়ে এ কমিটি গঠিত হয়েছে। এ কমিটির প্রতি স্থানীয় কৃষকদল, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের সমর্থন রয়েছে। তবে কেন্দ্র যদি দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেয় তাহলে স্বাগত জানাব।’ লোহাগাড়া যুবদলের সভাপতি আবু সেলিম চৌধুরী ভিন্নমত প্রকাশ করে বলেন, ‘ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়নি বলেই বিএনপিতে কোন্দলের সৃষ্টি হয়েছে।’ শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মান্নান জানান, স্থানীয় বিএনপির দ্বন্দ্বের কারণে নেতা-কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকেরা জানান, লোহাগাড়া বিএনপির অধিকাংশ নেতা-কর্মী এলডিপিতে যোগ দিলেও স্থানীয়ভাবে বিএনপির যথেষ্ট সমর্থন রয়েছে। কিন্তু দলীয় কোন্দলের কারণে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কোন্দল নিরসনে কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নেওয়া না হলে উভয়পক্ষের মধ্যে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মনে করেন নেতা-কর্মীরা।