লোহাগাড়ার ১৬ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা বন্ধ
লোহাগাড়া উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে কম্পিউটার আছে ২১টিতে। এর মধ্যে কম্পিউটার শিক্ষা চালু আছে মাত্র পাঁচটিতে। বাকি ১৬ বিদ্যালয়ে কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম অলস পড়ে আছে দীর্ঘদিন ধরে। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে কম্পিউটার শিক্ষায়।সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্র জানায়, উপযুক্ত কম্পিউটার শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে বিদ্যুৎসংযোগও নেই বলে জানা গেছে। এসব বিদ্যালয়ে যথাসম্ভব দ্রুত শিক্ষক নিয়োগ এবং বিদ্যুৎসংযোগ দিয়ে কম্পিউটার শিক্ষা চালু করার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা দাবি জানিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার শিক্ষার ব্যাপারে বিশেষ আগ্রহ রয়েছে। সরকারিভাবে প্রতিবছর সব বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার বইও বিতরণ করা হয়। কিন্তু এ বিষয়ে ক্লাস চালু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। শাহপীর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমতিয়াজ হোসাইন ও তাছরিনা আক্তার জানায়, কম্পিউটার শিক্ষার বই পেয়ে তারা প্রথমদিকে খুশি হয়েছিল। তবে শিক্ষক না থাকায় বিষয়টি পড়তে পারছে না বলে এখন তারা হতাশ। আধুনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান ও সাইমা সুলতানা জানায়, তাদের বিদ্যালয়ে শিক্ষক ও ল্যাব না থাকায় ব্যবহারিক ক্লাস যথাযথভাবে হচ্ছে না।সূত্র জানায়, লোহাগাড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৮টি। এর মধ্যে সাতটিতে কোনো কম্পিউটার নেই। পাঁচটিতে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে। আছে প্রয়োজনীয় শিক্ষকও। এগুলো হলো দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চবিদ্যালয়, পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়, সুখছড়ি উচ্চবিদ্যালয়, উজিরভিটা উচ্চবিদ্যালয় ও গৌড়স্থান উচ্চবিদ্যালয়। অন্য ১৬ বিদ্যালয়ে কম্পিউটার থাকলেও শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আধুনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, জনবল কাঠামো ২০০৯ অনুযায়ী কম্পিউটার বিষয়ে সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ করা গেলেও এসব শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় তাঁদের চাকরি স্থায়ী হচ্ছে না। অধিকাংশ বিদ্যালয়ের পক্ষে নিজস্ব তহবিল থেকে কম্পিউটার শিক্ষকদের বেতন চালানো সম্ভব নয়। ফলে বিদ্যালয়গুলো কম্পিউটার শিক্ষা চালুর ব্যাপারে আগ্রহ হারাচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের মতে, প্রশিক্ষিত কম্পিউটার শিক্ষক ও ল্যাব প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব বলেন, ‘সরকার প্রত্যেক শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানাতে বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করেছে। শিক্ষার্থীদেরও এ বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে। কিন্তু উপযুক্ত শিক্ষক না পাওয়ায় সব বিদ্যালয়ে বিভাগটি চালু করা সম্ভব হচ্ছে না।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বলেন, ‘বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষকের অভাব, কম্পিউটার সংকট ও অবকাঠামোগত সমস্যার বিষয়টি সম্পর্কে সরকার অবহিত আছে।’