লোহাগাড়ায় অবৈধ ৫০ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় অবৈধভাবে গড়ে উঠেছে ৫০টি করাতকল। এসবের অধিকাংশেরই কোনো অনুমতিপত্র (লাইসেন্স) নেই। অসাধু কাঠ ব্যবসায়ীরা এসব করাতকলের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচার করছেন। এ কারণে দিন দিন সংকুচিত হচ্ছে এখানকার বনাঞ্চল, চুনতি অভয়ারণ্য হারাচ্ছে জীববৈচিত্র্য। সরকারি বিধি অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল থাকবে না। অথচ লোহাগাড়ায় বনাঞ্চলের ১০০ গজ থেকে এক কিলোমিটারের মধ্যেই গড়ে উঠেছে করাতকলগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারাহ দিবা জানান, অধিকাংশ করাতকলের অনুমতিপত্র না থাকায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অনুসন্ধানে জানা যায় লোহাগাড়ার চুনতি, বড়হাতিয়া, আধুনগর, দরবেশ হাট, পুটিবিলা, কলাউজান, চরম্বা, পদুয়া ও ঠাকুরদিঘি এলাকাতেই বেশির ভাগ অবৈধ করাতকল স্থাপিত হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান সেগুন, গামারি, একাশিয়াসহ অন্যান্য বনজ কাঠ এসব করাতকলের মাধ্যমেই সাফ করা হচ্ছে। লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান উপজেলা পরিষদের পক্ষ থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে অবৈধ করাতকল বন্ধের উদ্যোগ নিতে। চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান জানান, একসময় চুনতির সংরক্ষিত বনাঞ্চলে পাঁচ শতাধিক প্রজাতির বনজ গাছ ছিল। এসব গাছ প্রাকৃতিকভাবেই বনে জন্ম নেয়। কিন্তু বর্তমানে এগুলো দেখা যায় না বললেই চলে। বনাঞ্চল উজাড় হচ্ছে তাই ওখানকার বাসিন্দা পশু পাখিরা খাদ্য পাচ্ছে না। স্থানীয় এলাকাবাসী জানান, লোহাগাড়ার অবৈধ করাতকলগুলোতে পাচারের উদ্দেশ্যে ইতিমধ্যে কোটি টাকার কাঠ মজুদ করা হয়েছে। এ ব্যাপারে লোহাগাড়ার পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শোয়েব খান জানান, লোহাগাড়ার অধিকাংশ করাতকল অবৈধ। সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে অবৈধ করাতকলগুলো কীভাবে স্থাপনের অনুমতি পেল তা আমার বোধগম্য নয়। আমরা বনাঞ্চলের আশপাশের বেশকিছু করাতকল বন্ধ করেছি। তবে পর্যাপ্ত জনবলের অভাবে অবৈধ কাঠ পাচার রোধ করা অনেক সময় সম্ভব হয় না।