লোহাগাড়ায় অবৈধভাবে গড়ে উঠেছে ৫০ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ৫০টি করাতকল। এসবের অধিকাংশেরই কোনো অনুমতিপত্র (লাইসেন্স) নেই। এসব করাতকলের মাধ্যমে অসাধু কাঠ ব্যবসায়ীরা সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচারের মহোৎসব করছে। ফলে লোহাগাড়াসহ পার্বত্য চট্টগ্রামের আশপাশের বনাঞ্চল ক্রমশ ছোট হচ্ছে। পাশাপাশি চুনতি অভয়ারণ্য হারাচ্ছে জীববৈচিত্র্য। লোহাগাড়ায় রয়েছে চুনতি অভয়ারণ্যসহ বিশাল সংরক্ষিত বনাঞ্চল। প্রতিনিয়ত অসাধু কাঠ ব্যবসায়ীরা এসব বনাঞ্চলের কাঠ পাচার করে করাতকলে। সরকারি বিধিতে উল্লেখ রয়েছে, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল গড়ে উঠবে না। অথচ লোহাগাড়ায় বনাঞ্চলের ১০০ গজের মধ্যেও বিধিবহির্ভূতভাবে করাতকল গড়ে উঠেছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সিংহ প্রথম আলোকে জানান, লোহাগাড়া উপজেলার প্রায় করাতকলের অনুমতিপত্র না থাকায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, অচিরেই সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের করাতকলগুলো বন্ধ করার পরিকল্পনা চলছে। এসব করাতকলে প্রতিনিয়ত সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান সেগুন, গামারি, একাশিয়া গাছ অসাধু ব্যবসায়ীরা পাচার করছে বলে জানান তিনি। লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান, ইতিমধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে অবৈধ করাতকল বন্ধের উদ্যোগ নিতে। তিনি জানান, অসাধু কাঠ ব্যবসায়ীদের কারণে লোহাগাড়া চুনতি অভয়ারণ্যসহ সংরক্ষিত বনাঞ্চল বৃক্ষশূন্য হয়ে পড়েছে। চুনতি অভয়ারণ্য এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য মো. বশির জানান, বনাঞ্চল উজাড় হওয়ার কারণে চুনতি অভয়ারণ্যের হাতি, বাঁদর লোকালয়ে এসে জান-মালের ক্ষতি করছে। বন বিভাগ সূত্রে জানা যায়, লোহাগাড়ার চুনতি, কলাউজান, চরম্বা, বড়হাতিয়া, পুঁটিবিলা, আধুনগর, দরবেশহাট, পদুয়ায় বেশির ভাগ অবৈধ করাতকল স্থাপিত হয়েছে। স্থানীয় লোকজন জানান, লোহাগাড়ার অবৈধ করাতকলগুলোতে পাচারের উদ্দেশ্যে লাখ লাখ টাকার কাঠ মজুদ করা হয়েছে। এ ব্যাপারে লোহাগাড়ার পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. ইদ্রিচ আলী জানান, ‘সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবৈধ করাতকলগুলো কীভাবে স্থাপনের অনুমতি পেল তা আমার বোধগম্য নয়। তবে বনাঞ্চলের আশপাশের করাতকল বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।