লোহাগাড়ায় আলিমে ফল ভালো
লোহাগাড়ার তিনটি উচ্চমাধ্যমিক কলেজের ফলাফল এ বছর আশানুরূপ হয়নি। তবে মাদ্রাসার আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এইচএসসিতে কেউ জিপিএ-৫ না পেলেও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। পাসের হারেও এগিয়ে তাঁরা। জানা যায়, লোহাগাড়ার তিনটি কলেজের মধ্যে বার আউলিয়া ডিগ্রি কলেজে পরীক্ষার্থী ছিলেন ২৮৭ জন। পাস করেছেন ১৮৯ জন। আলহাজ মোস্তফিজুর রহমান কলেজে ৩৩২ জনের মধ্যে ১৬৫ জন, চুনতি মহিলা ডিগ্রি কলেজে ৫১ জনের মধ্যে ৩২ জন পাস করেছেন। গড় পাসের হার ৫৭ ভাগ। তবে তিনটি কলেজ থেকে কেউ জিপিএ-৫ পাননি। লোহাগাড়া মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান প্রথম আলোকে জানান, ‘গ্রামাঞ্চলের কলেজে ভালো শিক্ষার্থী নেই বললেই চলে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতার অভাবে বিভিন্ন সময় শিক্ষার্থীরা ভালো ফলাফল থেকে বঞ্চিত হয়।’ শিক্ষকেরা জানান, ‘মফস্বলের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত ইংরেজি বিষয়ের ব্যাপারে ভীতি দূর করতে পারবেন না, ততক্ষণ ফলাফল সন্তোষজনক হবে না। সরকারি-বেসরকারি পর্যায়ে ইংরেজি বিষয়ের মানোন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি।’ অপরদিকে, লোহাগাড়ার ১১টি মাদ্রাসা থেকে ৪৩৫ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে ৪০৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। গড় পাসের হার ৯৩ ভাগ। আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে সর্বোচ্চ ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসা শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। মাদ্রাসা শিক্ষার্থীদের ভাল ফলাফলের ব্যাপারে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা, অভিভাকদের সহযোগিতায় নিয়মিত উপস্থিতি ইত্যাদি তদারকির কারণে ফলাফল ভাল হয়েছে।’