লোহাগাড়ায় ইভ টিজিং চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় শিক্ষক মো. ফজলুল হকের মেয়ে মুনতাহা পুটিবিলা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীর কৃতি ছাত্রী। সব শ্রেণীতেই সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। শিক্ষকদেরও আশা ছিল এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বাড়াবে। কিন্তু বিদ্যালয়ে যাওয়া-আসার পথে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। অবশেষে নিরুপায় হয়ে বাবা মুনতাহাকে বিয়ে দিয়ে দেন। এ দুঃখে ফজলুল হক বর্তমানে হূদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ জীবন যাপন করছেন।একইভাবে রফিকুল ইসলামের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে ফাহমিদা আক্তার প্রতিনিয়ত বখাটেদের ইভ টিজিং-এর শিকার হয়ে স্কুল ছাড়তে বাধ্য হয়। অপরদিকে সৌদিআরব প্রবাসী নুরুল আলমের মেয়ে ফারজানা ইয়াছমিন নবম শ্রেণীতে পড়ে। তিনি জানান, তাঁর মেয়েকে জনৈক হারেছ মিয়ার ছেলে মো. সাদেক বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ইভ টিজিং করছে। ফলে সে লেখাপড়া থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। বিদেশে থাকার কারণে রয়েছেন নানা দুশ্চিন্তায়। সম্প্রতি আয়েশা ছিদ্দিকা নামে নবম শ্রেণীর আরেক শিক্ষার্থীকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় এক বখাটে লোহার আঘাতে রক্তাক্ত করে। সে ভয় পেয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে। পরবতীকালে অবশ্য শিক্ষক ও অভিভাবকদের পরামর্শে সে নিয়মিত বিদ্যালয়ে আসছে।লোহাগাড়ার পুটিবিলা উচ্চবিদ্যালয়টি লোহাগাড়া সদর থেকে ১৫-২০ কি.মি দূরে। সরেজমিনে জানা যায়, এলাকাটি দুর্গম পাহাড়ি ও নির্জন হওয়াতে বখাটেদের উৎপাত বেশি। এ কারণে ওই এলাকায় বেড়ে চলেছে বাল্যবিবাহের প্রবণতা। পাশাপাশি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা। লোহাগাড়া পুটিবিলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান জানান, ইতিমধ্যে সাবিনা ইয়াসমিন (৭ম শ্রেণী), আয়েশা সিদ্দিকা (৬ষ্ঠ), উম্মে সালমা (৭ম), নার্গিস আক্তার (৬ষ্ঠ), মাবিয়া বেগম (৬ষ্ঠ), নমিতা নাথ (৮ম), কোহিনুর আক্তার (৭ম), লিপি আক্তার, লাকি বড়ুয়াসহ অনেকের ১৩-১৪ বছরে বিয়ে হয়ে যায়। প্রত্যেকটি মেয়ে আমাদের বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তিনি বলেন, ‘বখাটেদের উৎপাতের কারণে আমাদের বিদ্যালয়ের অভিভাবকেরা মান-সম্মানের কথা চিন্তা করে বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছেন।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. ফজলুল হক ও অভিভাবক নুরুল আলম জানান, ‘আমরা মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে চাই। কিন্তু বখাটেদের উৎপাতে আমরা অসহায়।’ পুটিবিলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি দাশ জানান, ‘এম চর হাট, নালার কুল, তাঁতীপাড়া, আদর্শপাড়ার নির্জন পথে যখন আমার বিদ্যালয়ের ছাত্রীরা আসা-যাওয়ার সময় বখাটেদের দ্বারা ইভ টিজিং-এর শিকার হয়।’ ইতিমধ্যে কয়েকটি জায়গায় ইভ টিজিং বিরোধী সমাবেশও করা হয়েছে। তবে অনেকেই বাল্যবিবাহ বৃদ্ধিতে এলাকার সংশ্লিষ্ট কাজী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভূমিকাকে দায়ী করেন। এ ব্যাপারে পুটিবিলা ইউনিয়নের কাজী আবদুস সোবহান বলেন, ‘আমি জন্মনিবন্ধন কার্ড দেখে ১৮ বছর পূর্ণ হলে বিয়ের কাজ সম্পন্ন করি।’ তবে এলাকায় অন্য কাজীর মাধ্যমে অবৈধভাবে বাল্যবিবাহ হচ্ছে বলে স্বীকার করেন তিনি। স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সরওয়ার কামাল বলেন, ‘পুটিবিলা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা ইভ টিজিং-এর শিকার। সবাইকে নিয়ে তা প্রতিরোধ করতে হবে।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা প্রথম আলোকে জানান, ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকার অত্যন্ত আন্তরিক। সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা করে এ বিষয়ে সুষ্ঠু সমাধানের চেষ্টা চালাব।’ লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পুটিবিলা বিদ্যালয়ে ইভ টিজিং-এর ঘটনা সম্পর্কে আমাকে কেউ লিখিতভাবে জানায় নি। জানালে আমি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেব।