লোহাগাড়ায় এলডিপি-জামায়াত সমানে সমান, সাতকানিয়ায় আ.লীগ-সমর্থকদের প্রাধান্য
জেলার লোহাগাড়ায় ছয়টি এবং সাতকানিয়ায় ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত শনিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এর মধ্যে লোহাগাড়ায় দুটি করে ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন এলডিপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী জিতেছেন একটি করে ইউপিতে। সাতকানিয়ার ১৭টি ইউপি নির্বাচনে সর্বাধিক—ছয়টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান। দলীয় সমর্থক বিবেচনায় দ্বিতীয় অবস্থান জামায়াতের। তাদের সমর্থিত প্রার্থী জিতেছেন পাঁচটিতে। তিনটি ইউপিতে জিতেছেন এলডিপি-সমর্থিত চেয়ারম্যান। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জিতেছেন দুই ইউপিতে। একটিতে জিতেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী। ভোট গণনা শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো প্রতিবেদনে বিজয়ী প্রার্থীদের এই দলীয় পরিচয় দেওয়া হয়েছে। লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ার পুটিবিলায় মো. ফরিদুল আলম (নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. ইউনুছ) এবং পদুয়ায় মো. লিয়াকত আলী চৌধুরী (নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট হুমায়ুন বাদশা) এলডিপি-সমর্থিত প্রার্থী হিসেবে বিজয়ী হন। জামায়াত-সমর্থিত বিজয়ী দুই চেয়ারম্যান হলেন—বড় হাতিয়ায় মো. জুনায়েত (নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির সাজেদুর রহমান) ও চরম্বায় মো. সাদাত উল্লাহ (নিকটতম এলডিপির মো. নাজিম উদ্দিন)। চুনতিতে জিতেছেন আওয়ামী লীগ-সমর্থিত একমাত্র চেয়ারম্যান জয়নুল আবেদিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র সিরাজুল ইসলাম। কলা উজানে জিতেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ওয়াহেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এলডিপির নূরুল আলম সিকদার। সাতকানিয়া সংবাদদাতা জানান, এই উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন—আমিলাইশে সরওয়ার উদ্দিন চৌধুরী (নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এইচ এম হানিফ), ধর্মপুরে মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী (নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কুতুব উদ্দিন শাহ আলম), বাজালিয়ায় মাস্টার নুরুল আমিন সিকদার (নিকটতম প্রতিদ্বন্দ্বী আপন সহোদর এলডিপির নুরুল ইসলাম সিকদার), নলুয়ায় নুরুল আবছার (নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলমগীর মো. রাশেদ), খাগরিয়ায় মোহাম্মদ জসিম উদ্দিন (নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র রাশেদ আজগর চৌধুরী) ও ছদাহায় মোসাদ হোসেন চৌধুরী (নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির জসিম উদ্দিন)।জামায়াত-সমর্থিত বিজয়ী ইউপি চেয়ারম্যানরা হলেন—সোনাকানিয়ায় মো. নুর আহমদ (নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির আবু তাহের), সাতকানিয়া সদরে মাহমুদুল হক (নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বশির আহমেদ), মাদার্শায় মোহাম্মদ ইব্রাহীম (নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন মুহাম্মদ সাদেক), কাঞ্চনায় মাওলানা মোজাফফর আহমদ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রমজান আলী) এবং চরতিতে রেজাউল করিম (নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. মোস্তাকিম চৌধুরী)। এলডিপি-সমর্থিত তিন বিজয়ী ইউপি চেয়ারম্যান হলেন—এওচিয়ায় মাহমুদুল হক চৌধুরী (নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সেলিমুল ইসলাম), পুরানগড়ে রাশেদ হোসেন সিকদার (নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির এ জেড এম জাহাঙ্গীর) এবং পশ্চিম ঢেমশায় সরওয়ার কামাল (নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল খালেক)।স্বতন্ত্র বিজয়ী দুই চেয়ারম্যান হলেন—কেওচিয়ায় নূর হোসেন ওরফে ফোরক কোম্পানি (নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির আবদুল মোনাফ সওদাগর) এবং ঢেমশায় রমজান আলী মো. সাইফুলাহ্ (নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ উদ্দিন আ.লীগ )। বিএনপি-সমর্থিত একমাত্র বিজয়ী চেয়ারম্যান হলেন কালিয়াইশের সব্বির আহমদ ওসমানী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এলডিপির হোসেন উদ্দিন আহমদ। সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাদ ছাল্লাল তাঁদের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।