লোহাগাড়ায় জিপিএ-৫ অর্ধেক কমেছে
লোহাগাড়ায় এসএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ অর্ধেক কমে গেছে। গতবার ৪০ জন পেলেও এবার পেয়েছে ২০ জন। পাসের হার ৮৫। উত্তর আমিরাবাদ এমবি উচ্চবিদ্যালয়ে সর্বোচ্চ পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৪১৫ জন। পাস করেছে এক হাজার ১৯৬ জন। তবে পাসের হার ও জিপিএ-৫-এর দিক দিয়ে ভালো করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়, পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়, সুখছড়ি উচ্চবিদ্যালয়, এমএইচ নুরুল আলম উচ্চবিদ্যালয়, পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া উচ্চবিদ্যালয় পাসের হারের দিক দিয়ে অন্য বিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে। এদিকে, দাখিল পরীক্ষায় ২২ মাদ্রাসার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৮৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৩৬ জন। পাসের হার ৯৫। আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে সর্বোচ্চ ২১ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসা, বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল মাদ্রাসা, আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা, সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসা, কলাউজান খদিজাতুল কোবরা দাখিল মহিলা মাদ্রাসা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব বলেন, ‘গ্রামের ভালো শিক্ষার্থীরা এখন শহরমুখী। এ ছাড়া গ্রামে বিজ্ঞান বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। অভিভাবকদের সচেতনতার অভাব ও দারিদ্র্যের কারণেও জিপিএ-৫ কমেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা জানান, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতার কারণে লোহাগাড়ায় পাসের হার সন্তোষজনক হয়েছে।