লোহাগাড়ায় বিএনপি-জামায়াত সমঝোতা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনকে ঘিরে লোহাগাড়ায় বিএনপি-জামায়াত জোটে কোন্দল বাড়ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়া নিয়ে জেলা পর্যায়ে দুদলের নেতাদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো রকম সমঝোতা হয়নি বলে জানা গেছে। বর্তমানে এখানে বিএনপি থেকে মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও জামায়াত ইসলামী থেকে ফরিদ উদ্দিন খান চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
লোহাগাড়ায় এবার আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। নাগরিক কমিটির প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে দলটি। সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের লোহাগাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেই দুদলের মধ্যে কোন্দলের সূত্রপাত। বিএনপির নেতাদের অভিযোগ, ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য টাকা নিয়েও জামায়াত কাজ করেনি।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘২০০৯ সালের উপজেলা নির্বাচনে আমি বিএনপি-জামায়াত জোটের একক প্রার্থী ছিলাম। নির্বাচনকে সফল করার লক্ষ্যে জামায়াত আমার কাছ থেকে ৫৬ লাখ টাকা নিয়েছিল। অথচ টাকা নিয়েও আমার পক্ষে কাজ করেনি তারা। কাজেই লোহাগাড়া বিএনপি শুধু উপজেলা নির্বাচনে নয় আগামী সংসদ নির্বাচনেও জামায়াতকে বর্জন করবে।’ লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘জামায়াত সব সময় বিএনপির ক্ষতি চায়। আমাদের দলের কেউ জয়ী হোক সেটা তারা মনে-প্রাণে চায় না।’ এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হেলাল উদ্দিন বলেন, ‘গত নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছ থেকে জামায়াত কত টাকা নিয়েছে তা আমার জানা নেই। তবে জামায়াতের সমর্থনের কারণেই বিএনপি প্রার্থী সেবার ৩০ হাজার ভোট পেয়েছেন।’
লোহাগাড়া জামায়াতের শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শফিউল আলম ২০০৯ সালে উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীকে জামায়াতের একটি অংশ ভোট দেয়নি বলে স্বীকার করেন। তবে সেটা ওই প্রার্থীর ব্যক্তিগত সমস্যা ছিল বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম বলেন, ‘আমরা বেশ কয়েকবার জেলা পর্যায়ে সমঝোতার উদ্যোগ নিয়েছিলাম, তবে তা ব্যর্থ হয়েছে।’ দুদলের বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক প্রার্থী দেওয়ার চেষ্টা এখনো চলছে বলে তিনি জানান।
এদিকে এবার লোহাগাড়া উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি। ১৯ ফেব্রুয়ারি নাগরিক কমিটির প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।