লোহাগাড়ায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষামূলকভাবে সেক্স ফেরোমোন টোপ ব্যবহার করে ফসলের খেতে পোকা দমন করতে পেরেছেন লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়ার ১৩ জন কৃষক। তাঁদের এই সাফল্য কীটনাশকমুক্ত ফসল উৎপাদনে এলাকার কৃষকদের মাঝে উৎসাহের সৃষ্টি করেছে। এই পদ্ধতিতে পোকা দমন যেমন সহজ, তেমনি কীটনাশকের চেয়ে খরচও কম বলে জানান কৃষকেরা।উপজেলার কৃষি বিভাগের পরামর্শে এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষক মোস্তাক আহমদ। তিনি বলেন, ‘এ বছর ২০ শতক জমিতে সবজির চাষ করেছি। ফেরোমোন টোপ ব্যবহারে খরচ হয়েছে ৩০০-৪০০ টাকা। উৎপাদনও ভালো হয়েছে। অথচ এর আগের বছর একই পরিমাণ জমিতে সবজি চাষ করতে গিয়ে কীটনাশকের পেছনে খরচ হয়েছে দেড় হাজার টাকা।’উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ কমাতে ও স্বাস্থ্যসম্মত উপায়ে ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, সেক্স ফেরোমোন টোপ হচ্ছে জৈব উপায়ে পোকা দমনের পদ্ধতি। একটি পতঙ্গ শরীরের গন্ধের সাহায্যে বিপরীত লিঙ্গের পতঙ্গকে আকৃষ্ট করে। এই গন্ধকেই ফেরোমোন বলে। ফসলের খেতে একটি পাত্রের মধ্যে রাসায়নিক রেখে গন্ধ সৃষ্টি করে কীটপতঙ্গ আকৃষ্ট করা হয়। কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে ওই পাত্রে এসে পড়ে এবং মারা যায়।জাহাঙ্গীর আলম আরও জানান, সেক্স ফেরোমোন ব্যবহারের সুবিধা হচ্ছে, এটি পরিবেশ ও মানুষের ক্ষতি করে না। উপজেলার কৃষকদের মধ্যে এই পদ্ধতি জনপ্রিয় করে তুলতে প্রশিক্ষণের উদ্যোগও নেবে কৃষি বিভাগ। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনুর রহমান জানান, স্থানীয় কৃষকেরা যাতে উন্নত চাষাবাদের মাধ্যমে লাভবান হয়, প্রশাসন সেদিকে সব সময় লক্ষ্য রাখে।