লোহাগাড়ায় মাদক ব্যবসা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেনসিডিল, চোলাই মদ, গাঁজাসহ বিভিন্ন রকমের মাদক। মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ছে স্থানীয় তরুণ-যুবকেরা। বাদ যাচ্ছে না শিক্ষার্থীরাও। নেশার টাকা জোগাড় করতে অনেকে জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা রকম সামাজিক অপরাধে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকসহ জনপ্রতিনিধিরা।লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে যে হারে মাদক ব্যবসা বেড়েছে, তা রোধ করা না গেলে এলাকার কিশোর-যুবকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।’অনুসন্ধানে জানা যায়, লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাট, মীরপাড়া, আলী সিকদারপাড়া, বটতলী স্টেশন, দর্জিপাড়া, রশিদারপাড়া, বটতলী স্কুল সড়ক ও দরবেশহাট এলাকায় সবচেয়ে বেশি মাদক কেনাবেচা হয়।সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি সংঘবদ্ধ চক্র ইয়াবা আনে। ফেনসিডিল আসে কুমিল্লা থেকে। আর চোলাই মদ ও গাঁজা সরবরাহ হয় পার্বত্য চট্টগ্রাম থেকে। প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয় এসব মাদক বেচাকেনার তৎপরতা। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ মাঝেমধ্যে দু-একজন খুচরা মাদক ব্যবসায়ীকে ধরলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ প্রশাসনের কার্যকর তৎপরতা থাকলে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালানো সম্ভব হতো না বলে তাঁরা মন্তব্য করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মাদকবিক্রেতাদের দাপটে তাঁদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও তাঁরা উদ্বিগ্ন। মাদকদ্রব্য অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। পটিয়া থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রক কর্মকর্তারা বছরে দু-একবার এসে লোক দেখানো অভিযান চালান বলে মন্তব্য করেন তাঁরা।থানা সূত্রে জানা যায়, পদুয়ার মাহফুজ, মোহাম্মদ আলী, ইউছুফ, ফেরদৌস, জহির, হারুন, আবদুল গফুর, কালু এবং বটতলী সদরের শাহ আলম, সিরাজ, কবির ও শহীদসহ অনেকে বর্তমানে মাদক ব্যবসায় জড়িত। এদের অনেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। পুলিশ গত চার মাসে শতাধিক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় চালান দিয়েছে। এ সময় আটক করা হয়েছে এক হাজার ইয়াবা বড়ি, তিন শ বোতল ফেনসিডিল, চার শ লিটার চোলাই মদ ও চার কেজি গাঁজা।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি লোহাগাড়ায় যোগ দেওয়ার পর থেকে অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছি। জামিন পাওয়ার পর এরা পুনরায় মাদক ব্যবসায় জড়িত হয়।’ পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হোসেন মিয়া তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘জনবল কম থাকায় সব সময় অভিযান পরিচালনা করা যায় না। তবে খবর পেলে অবশ্যই আইনগত পদক্ষেপ নেওয়া হয়।’