লোহাগাড়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে দু-তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেলেও রাতে এক ঘণ্টাও পাওয়া যায় না। বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ গ্রাহকেরা। ব্যাহত হচ্ছে বোরোর সেচব্যবস্থা ও শিক্ষার্থীদের লেখাপড়া। চরম্বা ইউনিয়নের কৃষক নুরুল আলম জানান, বিদ্যুতের অভাবে বোরো মৌসুমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ডিজেলে সেচযন্ত্র চালাতে গিয়ে কৃষকেরা ঋণে জর্জরিত হচ্ছে। লোহাগাড়া উপজেলা দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিককেন্দ্র। এখানে রয়েছে তৈরি পোশাক কারখানা, প্লাইউড কারখানা, তেল কারখানাসহ বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিদ্যুতের অভাবে কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। লোহাগাড়া পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পরিতোষ সরকার প্রথম আলোকে বলেছেন, ‘অধিকাংশ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বন্ধ রয়েছে, ফলে সরবরাহ কমে গেছে। লোহাগাড়ায় পিক আওয়ারে সাত মেগাওয়াটের মতো বিদ্যুতের চাহিদা রয়েছে কিন্তু আমরা পিক আওয়ারে বিদ্যুৎ পাই না বললেই চলে। তা ছাড়া গ্রিড কন্ট্রোল করে পিডিবি এবং লোডশেডিং তাদের নিয়ন্ত্রণে।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ বলেন, ‘বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া ও সেচব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় লোকজন বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন না হলে কানসাটের মতো লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সংগ্রাম কমিটির ব্যানারে সর্বাত্মক আন্দোলন শুরু করবে।’