লোহাগাড়ায় শীতকালীন সবজিতে মড়ক ক্ষতিগ্রস্ত চাষি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া, চরম্বা ও আমিরাবাদ ইউনিয়নে বেগুন, টমেটো, শিম, মরিচ ইত্যাদি শীতকালীন সবজিখেতে রোগ–বালাইয়ের সংক্রমণ দেখা দিয়েছে। এতে সবজির চারাগাছ মারা যাওয়ায় কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি লোহাগাড়ার জঙ্গল পদুয়ার বিভিন্ন সবজিখেত ঘুরে এমন তথ্য জানা গেছে।
জঙ্গল পদুয়া এলাকার কয়েকজন কৃষক জানান, ওই এলাকার হাঙর খালের দুই পাড়ে বসবাসরত অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। খালের দুই পাড়জুড়ে সবজিখেত। ওই সব খেতে বর্তমানে বেগুনসহ বিভিন্ন শাকসবজির চারাগাছ রোগের প্রকোপে মারা পড়ছে। আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকার কৃষক নুরুল আমিন জানান, তিনি প্রায় ২৫ হাজার টাকা খরচ করে ৪০ শতক জমিতে বেগুন ও টমেটোর চাষ করেছেন। কিন্তু হঠাৎ ১০-১৫ দিন আগে থেকে সবজির চারাগাছ মারা পড়ছে।
উল্লেখ্য, লোহাগাড়ায় প্রতিবছর শীতকালে গড়ে ১ হাজার ২৫০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ হয়। এসব খেতে গড়ে পাঁচ হাজার হাজার মেট্রিক টন বেগুন, চার হাজার মেট্রিক টন শিম, সাড়ে চার হাজার মেট্রিক টন মরিচ উৎপাদন হয়।
পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে হলে উপজেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন বলেন, সাধারণত এ রোগটিকে বলে ব্যাকটেরিয়াল উইলট বা ঢলে পড়া রোগ। লোহাগাড়ার কয়েকটি ইউনিয়নের সবজিখেতে এ রোগ দেখা গেছে। সাধারণত একই জমিতে প্রতিবছর একই রকম সবজি উৎপাদন করলে এবং ভেজা জমিতে চারা রোপণের কারণেও এ রোগ হতে পারে। চুন ও ব্লিচিং পাউডার দিয়ে মাটি শোধন করে চারা রোপণ করলে এ রোগটি দেখা যায় না। ইতিমধ্যে প্রত্যেক মাঠ কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য।