লোহাগাড়ায় সওজের শত কোটি টাকার জায়গা অবৈধ দখলে
লোহাগাড়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের আশপাশের কোটি টাকার সরকারি জায়গা অবৈধ দখলে চলে যাচ্ছে। দখল থেকে রেহাই পাচ্ছে না সড়কের পাশের খাল কিংবা পানি নিষ্কাশনের পথও। এসব জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির কর্মকর্তারা এসব জায়গা দখলমুক্ত করে বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস স্টেশন ও খেলার মাঠ স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা পরিষদের কাছে দাবি জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, দখল করা জায়গায় স্থাপনা তৈরি ও যানবাহন রাখার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাণিজ্যিক এলাকা বটতলী স্টেশনে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে যানজট। স্থানীয় লোকজন জানান, সওজের জায়গা সর্বশেষ ১০ শতক জায়গা দখল হয় লোহাগাড়া থানার সামনে গত এপিলের প্রথম সপ্তাহে। স্থানীয় মহুরীপাড়ার দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি ওই জায়গায় গড়ে তুলছেন পাকা ও আধাপাকা ভবন। সওজ সূত্র জানায়, জায়গাটি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ২৪ এপ্রিল সওজ দেলোয়ার হোসেনকে নোটিশ দিয়েছে। কিন্তু গত কয়েক দিনেও ওই জায়গায় নির্মাণকাজ চলতে দেখা গেছে। জানতে চাইলে দেলোয়ার হোসেন নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন ‘ওই জায়গা ১৯৫০ সালে আমার বাবা বন্দোবস্তি নিয়েছিলেন। এ ব্যাপারে আমরা আদালতে মামলা করেছি।’ মামলা নিষ্পত্তির আগে স্থাপনা তৈরি করা ঠিক হচ্ছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে লোহাগাড়ার বটতলী স্টেশনসংলগ্ন পুরান বিওসি এলাকায় সওজের শত কোটি টাকা মূল্যের ১২ একর জায়গা দখল চলছে কয়েক বছর আগে থেকে। স্থানীয় মো. সিরাজ মিয়া, আবদুল হক, মো. দুলু, আবদুল হালিম, আবুল হোসেন, মো. আইয়ুব, মো. মোস্তাক, আবদুস ছবুর, মো. শাহ আলম, আবদুল্লাহ আল-আমিনসহ অনেকে দখলকৃত জায়গায় দোকানসহ পাকা ও আধাপাকা ঘর তৈরি করে ভোগ দখল করছেন। জানতে চাইলে মো. সিরাজ মিয়া বলেন, ‘১৯৩৬-৩৭ সালে পুরান বিওসি এলাকায় সরকারি হুকুম দখলকৃত ১২ একর জায়গা আমাদের পৈতৃক সম্পত্তি ছিল। সওজ কোনো স্থাপনা নির্মাণ না করায় এসব জায়গা ফেরত দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।’ লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সভাপতি মামুনর রশিদ বলেন, ‘অবৈধ দখলকৃত জায়গায় বাস টার্মিনাল, খেলার মাঠ ও অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপনের জন্য আমরা উপজেলা পরিষদের কাছে দাবি জানিয়েছি। এতে এলাকার এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সরকারের রাজস্ব আয় বাড়বে।’ লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আশাপাশে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগের কথা স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি ৪ জুলাই উপজেলা পরিষদের সভায় আলোচনা হয়েছে। পরিষদের পক্ষ থেকে পুরান বিওসি এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ করে একটি বাস টার্মিনাল স্থাপনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান জানান, বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, লোহাগাড়ায় সওজের জায়গার অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।