বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচিতে লোহাগাড়ায় সঞ্চয়ী জমা শতভাগ। গত বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত জমা হয়েছে ৪০ লাখ ৩২ হাজার টাকা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সূত্র জানায়, লোহাগাড়া উপজেলার চার ইউনিয়ন—লোহাগাড়া, পদুয়া, চুনতি ও আধুনগরে এ কর্মসূচির আওতায় রয়েছে ৩৬টি দল। প্রতিটি দলে ৬০ জন করে সদস্য রয়েছেন। তাঁরা মাসে ২০০ টাকা করে জমা করছেন।বিআরডিবির লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি সাহাবুদ্দিন সিকদার বলেন, সদস্যরা নির্দিষ্ট সময়ের আগেই সঞ্চয়ের টাকা জমা করেন। ফলে সঞ্চয় শতভাগ। ইতিমধ্যে সদস্যদের মধ্যে ১০০ জনকে দেওয়া হয়েছে গরু। ঢেউটিন পেয়েছেন ৪৪ জন। ফলদ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে ১২০ জনের মধ্যে। এ ছাড়া ৯০ জনকে সবজি বীজ ও ৩০ জনকে মুরগি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যরাও এ সুবিধা পাবেন। প্রকল্পের সুবিধাভোগী বাপ্পী জলদাস ও রাশেদা বেগম বলেন, ‘একটি বাড়ি ও একটি খামার প্রকল্প থেকে গরুসহ অন্যান্য সুবিধা পেয়ে আমরা খুশি। এসব দিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি।’ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ দুলাল পাল ও একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের সমন্বয়ক গৌতম সেন বলেন, লোহাগাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্প সফলভাবেই এগিয়ে যাচ্ছে। বর্তমানে চারটি ইউনিয়নে এটি চালু থাকলেও পরবর্তী সময়ে উপজেলার আরও পাঁচটি ইউনিয়নে এ প্রকল্প চালু হবে।এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, এক বছরের সঞ্চয় হিসেবে প্রতি সদস্যের নামে জমা হয়েছে দুই হাজার ৪০০ টাকা করে। পাঁচ বছরে এভাবে প্রতি সদস্যের নামে জমা হবে ১২ হাজার টাকা করে। প্রত্যেকের সমপরিমাণ অর্থ জমা হবে সরকারি তহবিল থেকে। পাঁচ বছর পর ব্যাংক-সুবিধাসহ প্রায় ৪০ হাজার টাকা পাবেন তাঁরা। সঞ্চয় থেকে প্রয়োজনে ঋণ নিতে পারবেন প্রকল্পের সদস্যরা।